Market Price: অগ্নিমূল্য সবজির বাজার, আকাশ ছোঁয়া দাম নিয়ন্ত্রণে এবার টাস্ক ফোর্সের সঙ্গে অভিযানে ইবি
অগ্নিমূল্য সবজির বাজার। ৮০, ৯০, ১০০ এর নীচে সবজি পাওয়া যাচ্ছে না। খাবারের তালিকা কাটছাঁট করেও কুলোনো যাচ্ছে না। পরিস্থিতি সামাল দিতে গত কয়েকদিন ধরেই শহরের বাজারে ঘুরছে টাস্ক ফোর্স। কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দিতে পারছেন না তাঁরা।
এদিকে বাজারে দাম নিয়ন্ত্রণের জন্য ১০ দিনের ডেডলাইন বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শহরের বড় বাজারগুলিতে যৌথ অভিযান শুরু করেছে টাস্কফোর্স এবং ইবি। মানিকতলা, বাগুইআটি, লেক মার্কেট থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ বাজার গুলিতে অভিযান শুরু করেছে তারা।

ভোট মিটতেই সবজির বাজারে দাম চড় চড় করে চড়েছে। আলুর দাম পৌঁছে গিয়েছিল ৫০ টাকায়। বেগুন বিক্রি হচ্ছিল ১০০ টাকা কেজি দরে। ভেন্ডি ৮০ টাকা। টমোটো সেঞ্চুরি পার করে দৌড়চ্ছিল। তার সঙ্গে পাল্লা দিয়ে দাম বেড়েছে কাঁচালঙ্কা, আদা-রসুনের। ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা লঙ্কা। মধ্যবিত্তের একেবারে নাজেহাল দশা তৈরি হয়েছিল। মাছ মাংসের দামও সেই হারে বেড়ে চলেছিল।
এই পরিস্থিতি নজর এড়ায়নি রাজ্য সরকারের। তড়িঘড়ি নবান্নে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাম নিয়ন্ত্রণে টাস্ক ফোর্সকে কড়া নির্দেশ দেন তিনি। সেই সঙ্গে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। টাস্ক ফোর্স বাজার ঘুরে যেন ১০ দিনের মধ্যে বাজার দর নিয়ন্ত্রণে আনেন তার নির্দেশ দিয়েছেন তিনি।
তারপর থেকেই তৎপরতার সঙ্গে অভিযান শুরু করেছেন টাস্ক ফোর্সের সদস্যরা। তাঁরা। কলকাতা শহরের বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছেন। শ্যাম বাজার, মানিকতলা বাজার, যদুবাবুর বাজার, শিয়ালদহ, লেক মার্কেট, দমদম, বাগুইআটি বাজারে অভিযান চালাচ্ছে। একাধিক বাজার ঘুরে দেখে টাস্ক ফোর্সের সদস্যরা জানিয়েছেন কিছু অসাধু ব্যবসায়ীর জন্যই দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে। তারাই জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে। নইলে যোগানে কোনও কমতি নেই।
একাধিক জেতালেও বাজারগুলিতে অভিযান চালাচ্ছে টাস্ক ফোর্স। মঙ্গলবার অভিযানে নেমেছে ইবিও। টাস্কফোর্সের সঙ্গে ইবির সদস্যরাও একাধিক বাজারে হানা দিয়েছেন তাঁরা। ব্যবসায়ীদের সতর্ক করে জানিয়েছেন যে দাম না কমালে এবার পুলিশি পদক্ষেপ করা হবে। পুলিশ গিয়ে ব্যবসায়ীদের হঠিয়ে দেবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন টাস্ক ফোর্সের সদস্যরা।
এদিকে আজ ফের নবান্নে এই বাজারদর নিয়ে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যসচিব। ৮ দিন পরে বাজারদর কতটা কমানো গিয়েছে তা নিয়ে বৈঠক করবেন তিনি। ১০ দিনের মধ্যে বাজারদর নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়েই রিপোর্ট দিতেই এই বৈঠক বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications