বৈদিক ভিলেজে ভয়াবহ আগুন! আতঙ্ক ছড়াল অতিথিদের মধ্যে
বাজ পড়ে বিধ্বংসী আগুন রাজারহাটের বৈদিক ভিলেজে। দীর্ঘ ছয় ঘন্টা ধরে আগুন জ্বলে বলে জানা গিয়েছে।
বাজ পড়ে বিধ্বংসী আগুন রাজারহাটের বৈদিক ভিলেজে। দীর্ঘ ছয় ঘন্টা ধরে আগুন জ্বলে বলে জানা গিয়েছে। দমকলের ১২ টি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু এবং দমকলের ডিজি জগমোহন। বৈদিক ভিলেজের অগ্নি নির্বাপন পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

সোমবার রাত প্রায় সাড়ে নটা। কলকাতা ও আশপাশের এলাকায় নামে কালবৈশাখী। সঙ্গে আকাশে ছিল বিদ্যুতের ঝলকানি। এইরকমই এক বাজ পড়ে বৈদিক ভিলেজে। সেখানকার ছাদ প্লাইউড ও থড়-সহ দাহ্য বস্তু দিয়ে তৈরি হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে। বৈদিক ভিলেজের একাংশ ভস্মীভূত হয়ে যায়। ক্ষতি হয় ব্যাঙ্কোয়েট হলের। সেখানে অনেক অতিথিরা ছিলেন। তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন।
খবর পেয়ে এক এক করে ঘটনাস্থলে যায় দমকলের ১২ টি ইঞ্জিন। ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু। দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়ায় বলে জানিয়েছেন তিনি। দমকলের ডিজি ঘটনাস্থলে দাঁড়িয়ে বলেন, তাঁরা ১০.১৫ নাগাদ খবর পান। তবে সেখানে হতাহতের কোনও খবর নেই বলে জানিয়েছেন তিনি।
আগুন নেভাতে গেলে এক দমকলকর্মীকে সেখানকার কর্মীরা হেনস্থ করে বলে অভিযোগ। মঙ্গলবার ঘটনাস্থলে যাবে ফরেনসিক দল।












Click it and Unblock the Notifications