গার্ডেনরিচের ঘটনায় মুখ্যমন্ত্রীর উচিত ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা, তীব্র কটাক্ষ অধীর চৌধুরীর
গার্ডেনরিচে বাড়ি ভেঙে এখনও অবধি নয় জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ আহত হয়ে চিকিৎসাধীন। এই ঘটনার অন্যতম নায়ক ফিরহাদ হাকিম। তাকে অবিলম্বে গ্রেফতার করা হোক। এমনই জোরালো দাবি তুললেন অধীর চৌধুরী।
গোটা রাজ্য জুড়ে প্রোমোটারি চক্র চলছে। তৃণমূলের মেরে খাওয়ার জায়গা হল প্রোমোটারি ও জমি লুট। মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ দিয়েছেন তৃণমূল নেতাদের মেরে খাওয়ার জন্য। এমনই তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

গার্ডেনরিচ এলাকার নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়েছে পাশের বসতির উপর। সোমবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে। বুধবারও সেখানে উদ্ধারকাজ চলছে। এদিন বিকেল পর্যন্ত নয় জনের মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে। ওই এলাকার বিধায়ক রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতার মেয়র পদেও আছেন তিনি।
অধীর চৌধুরী এদিনও গার্ডেনরিচের ঘটনায় ফিরহাদ হাকিমকে সরাসরি অভিযুক্ত করেছেন। ''সবাই যখন মেরে খাচ্ছে, তখন কি আর মেয়র সাহেব বসে থাকবেন? তাই তাঁর পাড়ায়, চোখের সামনে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যা খুশি তাই করেছে। আরও কত মৃত্যু হবে জানি না। মৃত্যুমিছিল চলছে।'' এমনই কটাক্ষ করেছেন অধীর।
"ফিরহাদ হাকিম ক্রাইম করেছেন। এই যে সব মানুষ সেখানে মারা গিয়েছেন, তার জন্য দায়ী মেয়র ফিরহাদ হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি নৈতিকতা থাকত, তাহলে তাঁকে গ্রেফতার করা উচিত ছিল।" এমনই জোরালো দাবি করেছেন অধীর চৌধুরী।
এই ঘটনা আসলে খুন। ক্রাইম করা হচ্ছে। যাদের দায়িত্বে কলকাতা শহর। যাদের দায়িত্বে এত বড় বিল্ডিং উঠছে। আইনকে বুড়ো আইন দেখিয়ে কীভাবে এমন কাজ চলছে? প্রশ্ন করেছেন অধীর চৌধুরী।
ওইসব এলাকায় যে বেআইনিভাবে বাড়ি উঠেছে। ওই বাড়িটিও যে বেআইনিভাবেই হচ্ছিল। সেই কথা মেনে নিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। বেআইনি নির্মাণ একটা সামাজিক ব্যধী। কিছুতেই সেটা আটকানো যাচ্ছে না। এদিন এমনই মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। এই বক্তব্য নিয়েও তুমুল বিতর্ক চলছে।












Click it and Unblock the Notifications