Durga Puja 2024: বাংলায় ফের 'সবথেকে বড় দুর্গা', আসছে ইউনেস্কো ও গিনেস বুক অফ ওয়ার্ল্ড! কিন্তু পুজো হবে তো?
Durga Puja 2024: ইউনেস্কো ও গিনেস বুক অফ ওয়াল্ডের তালিকায় স্থান পাবে কি নদিয়ার ১১২ ফুটের দুর্গাপূজা? বুধবারও ঝুলে রইল ওই দুর্গাপূজার ভবিষ্যৎ। বৃহস্পতিবার জেলা শাসক ও কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে পূজার ভবিষ্যৎ। প্রাথমিক ভাবে জেলা শাসককেই পূজার অনুমতি নিয়ে সিদ্ধান্তের নির্দেশ দিলেন বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য।
এখন দেখার কি সিদ্ধান্ত নেন জেলাশাসক। বাংলাদেশ সীমান্ত লগোয়া রানাঘাট মহকুমার কামালপুর অভিযান সংঘের ১১২ ফুটের দুর্গা প্রতিমার পুজো। দুর্গাপুজোর আয়োজন প্রায় সম্পূর্ণ করার পথে উদ্যোক্তারা। এদিন শুনানিতে পুজোর আয়োজকদের তরফে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল জবাব করেন (Durga Puja 2024) ।

তিনি বলেন, ইউনেস্কো, গিনেস বুক অফ ওয়ার্ল্ড'কে জানানো হয়ে গিয়েছে সংগঠকরা ১১২ ফুটের লম্বা দুর্গা পুজা করছে। ওই দুই সংস্থার পক্ষ থেকে তাদের প্রতিনিধি পাঠানোর বিষয়টিও তারা সংগঠকদের জানিয়েছেন। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এতে অনুমতি দেওয়া যাবেনা।
এক্ষেত্রে বিচারপতি প্রশ্ন, বিদ্যুৎ দফতর, দমকল বিভাগ ও স্থানীয় প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে? আইনজীবী বিকাশ রঞ্জন বলেন, ৫৫ বছর ধরে তারা ওই স্থানে পুজো করছেন। বিদ্যুৎ ও দমকল বিভাগের অনুমতি পাওয়া গিয়েছে। কিন্তু স্থানীয় প্রশাসনে গত জানুয়ারি মাসে জানানো হয়েছিল। কিন্তু প্রশাসনের তরফে কোন উত্তর না আসায় ফের ৩ সেপ্টেম্বর জেলা শাসকের কাছে চিঠি দিয়ে অনুমতি চাওয়া হয়েছে।
এক্ষেত্রে বিচারপতি জানতে চান, জেলাশাসক দপ্তরের পক্ষ থেকে অনুমোদনের বিষয়ে কোন সিদ্ধান্ত জানানো হয়েছে কি? রাজ্যের আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায় জানান, ২০১৫ সালে দেশপ্রিয় পার্কের পুজায় একইরকম ভাবে ১০০ ফুটের বড় দূর্গা করা হয়েছিল। কিন্তু সেখানে পদপিষ্টের ঘটনায় সেই পুজো বন্ধ করতে বাধ্য হতে হয়। এখানেও যে জায়গায় পুজোর অনুমতি চাওয়া হয়েছে তার প্রবেশ পথ অত্যন্ত সংকীর্ণ। মাত্র ১৪ ফুটের রাস্তা রয়েছে। ফলে প্রশাসন দেশপ্রিয় পার্কের মত ঘটনার আশঙ্কা করছে।
দর্শকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই প্রশাসনকে অনুমতি দিতে হয়। মানুষের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়। যে কোন দূর্ঘটনা ঘটলে কি হবে? মামলায় প্রশ্ন সরকারি আইনজীবীর। এক্ষেত্রে বিচারপতি আরও বলেন, প্রশাসনের আশঙ্কার বিষয়টি আদালত গুরুত্ব দিচ্ছে। কিন্তু সংগঠকদের আবেদনের প্রেক্ষিতে প্রশাসনের সিদ্ধান্ত সংগঠকদের জানানো আবশ্যিক কর্তব্য।
আদালতের নির্দেশ, বৃহস্পতিবার বেলা ২ টোর মধ্যে জেলা শাসককে অনুমতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে সংগঠকদের জানাতে হবে। বৃহস্পতিবারই তারপর এই মামলার শুনানি করা হবে জানিয়েছেন বিচারপতি।












Click it and Unblock the Notifications