RG Kar case: পুলিশ না চাইলেও চিকিৎসকদের ধরনায় অনুমতি হাইকোর্টের, আরজি করকাণ্ডে ফের রাজপথে উঠবে প্রতিবাদের ঝড়
Doctor Protest: কলকাতা পুলিশের কাছে অনুমতি মেলেনি। অবশেষে ধর্মতলায় চিকিৎসকদের ধরনায় অনুমতি দিল হাইকোর্ট (Calcutta HC)। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের করা আবেদনের ভিত্তিতে শর্তসাপেক্ষে অনুমতি প্রদান করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আরজি করকাণ্ডের (RG Kar case) বিচার পেয়ে ফের প্রতিবাদে ধরনায় (Dharna Protest) বসতে পারবেন চিকিৎসকরা।
চৌরঙ্গী রোডের উপর সর্বাধিক ২০০ জনকে নিয়ে বিক্ষোভ অবস্থানের অনুমতি দিল আদালত। যদিও শর্ত নিয়ে চূড়ান্ত নির্দেশ শুক্রবার দেওয়া হবে জানিয়ে দেয় হাইকোর্ট। বিশেষ শর্ত মেনে ১৮ থেকে ২৬ ডিসেম্বর চিকিৎসকদের ধরনায় সম্মতি জানাল হাইকোর্ট। আরজি করে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় সন্দীপ-অভিজিতের জামিনের পর ফের প্রতিবাদের সুর চড়াবেন চিকিৎসকরা।

আরজি কর কাণ্ডে বিচারহীন ১৩০ দিনের বেশি কেটে গিয়েছে। সিবিআই নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট দিতে না পারায় জামিনে মুক্ত হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তাদেরই জামিনের বিরোধিতা করে ধর্মতলায় ধরনায় বসবেন পাঁচটি চিকিৎসক সংগঠনের যৌথ মঞ্চের সদস্যরা।
কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে চিঠি লিখে ধরনাস্থলে অস্থায়ী মঞ্চ তৈরির করার জন্য অনুমতি চেয়েছিল চিকিৎসক সংগঠনগুলি। কিন্তু ধরনায় বসার অনুমতি দেওয়া হয়নি কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে। এই মুহূর্তে ধরনার অনুমতি দেওয়া অসম্ভব বলে জানানো হয় পুলিশের তরফে। অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল চিকিৎসক সংগঠনগুলি।
অন্যদিকে, মেয়ের সঙ্গে ঘটা নারকীয় ঘটনার নতুন করে তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা আরজি করের নির্যাতিতার বাবা মায়ের। বর্তমানে যে তদন্ত চলেছে তাতে আস্থা নেই, তাই দ্রুত নতুন করে তদন্তের নির্দেশ দিক আদালত, এমনটাই দাবি করেছেন তাঁরা।
তদন্তের নামে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে বলে আশঙ্কা করেছেন তাঁরা। নির্যাতিতার বাবা-মায়ের আশঙ্কা শুনে মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিকে, আরজি করের ঘটনাক তদন্তের অগ্রগতি নিয়ে সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।
আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে সিবিআইকে এই সংক্রান্ত সমস্ত তথ্য পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামিদিনে ১৫ দিন পর পর তদন্তের অগ্রগতির রিপোর্ট নেওয়া যায় কি না, সেনিয়েও ২৪ ডিসেম্বর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে হাইকোর্ট।












Click it and Unblock the Notifications