RG Kar case: আরজি করকাণ্ডে নতুন করে তদন্ত হবে? নির্যাতিতার মা-বাবাকে যা জানালেন বিচারপতি…
RG Kar case: সিবিআই তদন্তে (CBI) অনাস্থা দেখিয়ে হাইকোর্টের (Calcutta HC) দ্বারস্থ হয়েছিলেন আরজি করের নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা। মঙ্গলবার সেই মামলার শুনানি হল হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে। ৪২টি প্রশ্ন তুলে নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টে গেছিলেন তরুণীর বাবা-মা। যদিও মামলায় এখনই কোনও হস্তক্ষেপ করলেন না বিচারপতি।
আরজি কর মামলায় নির্দিষ্ট সময়ের মধ্যে সিবিআই চার্জশিট জমা না দেওয়ায় জামিনে মুক্ত হন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এরপরই সিবিআই তদন্ত নিয়ে নানা প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হন নির্যাতিতার বাবা মা। তবে তাদের আর্জিতে এদিন সাড়া দিল না হাইকোর্ট।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দেন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফে আরজি কর মামলায় (RG Kar rape and Murder case) সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। মামলা এখন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট দেখছে। সেক্ষেত্রে উচ্চ বেঞ্চে মামলা বিচারাধীন থাকাকালীন সিঙ্গেল বেঞ্চ মামলা শুনতে পারবে কি না তা নিয়ে সন্দিহান বিচারপতি ঘোষ।
তিনি জানান, বিচারবিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ করতে পারবে না সিঙ্গেল বেঞ্চ। মামলাকারীর আইনজীবীদের এব্যাপারে প্রধান বিচারপতির থেকে পরামর্শ নিতেও বলেছেন তিনি। সিঙ্গেল বেঞ্চ শুনবে কিনা সে প্রশ্নে প্রধান বিচারপতি অনুমোদন দিলে তবেই শোনা হবে নির্যাতিতার বাবা মায়ের করা নতুন মামলা। ১৫ জানুয়ারি এই মামলায় পরবর্তী শুনানি রয়েছে।
এদিন হাইকোর্টে সিবিআই জানায়, সুপ্রিম কোর্টের (Supreme Court) নজরদারিতেই আরজি করকাণ্ডের তদন্ত চলছে। সেখানে তদন্তের স্টেটাস রিপোর্টও ধাপে ধাপে জমা দেওয়া হয়েছে। যদিও সিবিআইয়ের বক্তব্যে আপত্তি দেখান নির্যাতিতার বাবা মা।
সুপ্রিম কোর্ট কোনও নজরদারি করেননি বলে দাবি নির্যাতিতার পরিবারের। সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে এসম্বন্ধে ব্যাখা নিয়ে আসার জন্য নির্যাতিতার পরিবারের আইনজীবীকে জানিয়ে দেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
প্রসঙ্গত, আরজি করে ধর্ষণ ও খুনের মামলায় কেন্দ্রীয় ফরেনসিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। ৯ অগাস্ট আরজি করের সেমিনার হলে দেহ উদ্ধার হয়েছিল নির্যাতিতার। কিন্তু সেমিনার হলে ধস্তাধস্তির কোনও চিহ্নই মেলেনি বলে দাবি রিপোর্টে। অপরাধস্থল (Crime Scene) অন্য কোথাও হতে পারে বলে বিস্ফোরক দাবি করা হয়েছে রিপোর্টে।












Click it and Unblock the Notifications