চিংড়িঘাটায় থমকে থাকা মেট্রোর কাজ কি শুরু হবে? হাইকোর্ট দিল বৈঠকের নির্দেশ
চিংড়িঘাটায় মেট্রো রেলের জট কাটাতে এবার বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ৩৩৬ মিটারের রাস্তা নিয়ে জট। তা মেটাতে রাজ্য সরকার, মেট্রো রেল, রেল বিকাশ নিগম লিমিটেড, কেএমডিএ ও পুলিশকে বৈঠকে বসার নির্দেশ দিয়েছে আদালত।
চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের কাজ নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। আজ বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে-র বেঞ্চে শুনানি ছিল। আরভিএনএল জানায়, সপ্তাহের শেষে সন্ধ্যা থেকে রাতের দিকে তিন দিন ১২ ঘণ্টা করে কাজের সময় পাওয়া গেলেই থমকে থাকা কাজ সম্পূর্ণ করা সম্ভব।

এরপরই ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, জনগণের স্বার্থেই বিষয়টির সমাধানে বৈঠকে বসতে হবে সংশ্লিষ্ট সব পক্ষকে। বৈঠক কবে করা সম্ভব তা কাল জানাতে হবে আদালতে। উল্লেখ্য, এই কাজটি করা হচ্ছে না বলে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর অরেঞ্জ লাইন চালুর কাজ বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে। আরভিএনএলের বক্তব্য ছিল এই কাজ করার সময় রাস্তায় যান চলাচল বন্ধ রাখতে হবে। যান নিয়ন্ত্রণের দায়িত্ব রাজ্যকেই নিতে হবে। কিন্তু সে ব্যাপারে রাজ্যের তরফে কোনও নো-অবজেকশন মেলেনি বলে অভিযোগ।
এ বিষয়ে রাজ্যের বক্তব্য জানতে চেয়েছিল আদালত। চিংড়িঘাটা মোড়ের কাছে গৌরকিশোর ঘোষ স্টেশনটি সম্পর্কে রাজ্য আগে কলকাতা হাইকোর্টে জানিয়েছিল, মেট্রো চালু হলে এই স্টেশনের কাছে যানবাহনের সংখ্যা বাড়বে। ফলে যানজট তৈরির আশঙ্কা থাকছে। মেট্রোর কোর্টে বল ঠেলে এখানে আন্ডারপাস তৈরির কথাও বলা হয়েছিল। কাজ চলার সময় যান চলাচলের বিকল্প রাস্তাও নির্ধারিত হবে। এই পরিস্থিতিতে কাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদালতে কী জানায় বা বৈঠক থেকে কী বিকল্প বেরিয়ে আসে, তার উপরই নির্ভর করছে এই প্রকল্পের ভবিষ্যৎ। সমস্যার সমাধান হয়ে গেলে নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ অবধি রুট চালু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications