কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, বিস্ফোরণ ঘটিয়ে বিমানবন্দর ওড়ানোর হুমকি
বোমা বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দেওয়া হবে বিমানবন্দর। হুমকি মেইলে আতঙ্ক ছড়াল কলকাতা বিমানবন্দরে। সকাল সাড়ে ৯টা নাগাদ বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি হুমকি ইমেইল আসে। তাতে লেখা রয়েছে কলকাতা বিমানবন্দরের তিনটি জায়গায় বোমা রাখা রয়েছে।
খবর পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানবন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যেই এয়ারপোর্ট থানায় এফআইআর দায়ের করেছে। ইতিমধ্যেই বিমানবন্দরে পৌঁছে গিয়েছে বম্বস্কোয়ার। স্নিফার ডগ ব্যবহার করে বিমানবন্দরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। তবে বিমান ওঠানামায় এখনও কোনও সমস্যা তৈরি হয়নি।

হঠাৎ করে বিমানবন্দরে তল্লাশি এবং তৎপরতা বেড়ে যাওয়ায় স্বাভাবিক ভাবেই সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গোটা বিমানবন্দর তন্ন তন্ন করে তল্লাশি শুরু করেছে সিআইএসএফ এবং বম্বস্কোয়াড। কিন্তু এখনও পর্যন্ত সন্দেহজনক কিছুর হদিশ পাওয়া যায়নি। কোথাও কোনও সন্দেহজনক বস্তু রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে জানা গিয়েছে শুধু কলকাতা বিমানবন্দরে নয় দেশের একাধিক বিমানবন্দরে এইধরনের ইমেল পৌঁছেছে। জানা গিয়েছে কিছুদিন আগেও নাকি কলকাতা বিমানবন্দরে এই ধরনের হুমকি ইমেল এসেছিল। কিন্তু সেসময় কিছুর খোঁজ পাওয়া যায়নি। এবার প্রশ্ন উঠছে নিছক আতঙ্ক ছড়ানোর কারণেই কি এই ধরনের ইমেল পাঠানো হচ্ছে। কে বা কারা এর নেপথ্যে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
কয়েকমাস আগে বেঙ্গালুরুতে একাধিক স্কুলে বোমা রাখা রয়েছে বলে ভুয়ো মেল পৌঁছেছিল। বেঙ্গালুরুর একাধিক নামি স্কুলে গিয়েছিল এই ইমেল। কিন্তু কোথাও কোনও সন্দেহজনক বস্তু খুঁজে পাওয়া যায়নি। কয়েকদিন আগেই বেঙ্গালুরুকে একটি কাফেতে বিস্ফোরণ ঘটেছিল। সেই ঘটনায় মূল চক্রী গ্রেফতার হয়েছিল কলকাতা থেকে। কলকাতায় একাধিক জায়গায় তারা ভুয়ো পরিচয়পত্র নিয়ে ঘুরে বেরিয়েছিল।












Click it and Unblock the Notifications