Dilip Ghosh: ক্ষতিপূরণ দিয়ে পাপস্খলন মমতার! "যোগীর পায়েরও যোগ্য নন," মুর্শিদাবাদ নিয়ে ঝাঁঝালো আক্রমণ দিলীপের
Dilip Ghosh: মুর্শিদাবাদে হিংসায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই নিয়েই মমতাকে পাল্টা আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ক্ষতিপূরণ দিয়ে মমতা পাপ ঢাকতে চাইছেন বলে কটাক্ষ দিলীপের। একইসঙ্গে অমিত শাহ ও যোগীকে মমতার আক্রমণ নিয়েও মুখ খুললেন দিলীপ।
সামশেরগঞ্জে দুষ্কৃতীদের হাতে খুন হতে হয়েছে বাবা ও ছেলেক। নিহত হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসের পরিবার ইতিমধ্যেই জানিয়েছেন, তারা মুখ্যমন্ত্রীর ঘোষিত ক্ষতিপূরণ নেবেন না। বরং খুনিদের শাস্তির দাবি করেছে পরিবার। এনিয়ে মমতার দিলীপের কটাক্ষ, "ঘটনা ঘটতেই থাকবে আর সরকার ১০ লক্ষ টাকা দিয়েই ধামাচাপা দেবে এটা হতে পারে না। সমস্যার শিকড়ে গিয়ে সমাধান করতে হবে। ১০ লক্ষ টাকা দিয়ে উনি পাপস্খলন করতে চাইছেন।"

বুধবার নেতাজি ইন্ডোরে ইমাম মোয়াজ্জেমদের নিয়ে সভা থেকে অমিত শাহকে বেনজির আক্রমণ শানান মমতা। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, "দেশের সবচেয়ে বেশি ক্ষতি করেছেন উনি। সব এজেন্সি ওঁনার হাতে রয়েছে। মোদীজিকে বলব, লোকটাকে কন্ট্রোল করুন।" এদিন পাল্টা মমতাকে দিলীপের তোপ, "ওনার ক্ষমতা তো আমরা জেনে গেছি, হাইওয়ে থেকে রেলওয়ে জ্যাম করে দাপিয়ে বেড়িয়েছে দুষ্কৃতী জেহিদারা। অথচ একটা লাঠি চালাতে পারেননি। আবার অমিত শাহর দিকে আঙুল তুলছেন।"
দিলীপ আরও বলেন, "মুখ্যমন্ত্রী আগে নিজের দিকে তাকান। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখার জন্য গোটা ভারতবাসী রয়েছে। বাংলার মানুষ আপনাকে দেখছে কীভাবে ঘরহারা হয়ে যাচ্ছি আমরা।" বুধবার যোগী আদিত্যনাথকেও আক্রমণ শানান মমতা। যোগীই সবচেয়ে বড় ভোগী, বলেন মমতা। পাল্টা দিলীপ এদিন বলেন, "অপশব্দ বলছেন, এটাই সর্বনাশের কারণ হবে। উত্তরপ্রদেশকে ঠান্ডা করে দিয়েছেন যোগী। যোগীর পায়ের যোগ্য হতে পারবেন না মমতা। এত পাপ করেছেন।"
মুর্শিদাবাদকাণ্ডে রাজ্যের সিট গঠন নিয়েও তোপ দিলীপের। সিট গঠনের কোনও রেজাল্ট আসে না বলে অভিযোগ বিজেপি নেতার। মানুষকে বোকা বানানোর জন্য ও সমস্যা চাপা দিতে সিট গঠন করা হয়েছে বলে কটাক্ষ দিলীপের। প্রাক্তন রাজ্য সভাপতি আরও বলেন, "দুর্গাপুজো থেকে নববর্ষের অনুষ্ঠানে, কোর্টের থেকে অনুমতি নিতে হচ্ছে। বাংলার সরকার সিদ্ধান্ত নিতে পারে না। ইমামদের সভায় কেন নিন্দা প্রস্তাব করলেন না মুখ্যমন্ত্রী?"
এদিকে মুর্শিদাবাদে হিংসার মাঝেই ডায়মন্ড হারবারে শান্তি বজায় রাখা নিয়ে পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে দিলীপর কটাক্ষ, "ডায়মন্ড হারবারের পুলিশ সন্ত্রাসবাদীদের থেকেও খারাপ। ওখানে বিজেপি করলে তাঁকে মেরে বাড়িঘর পুড়িয়ে শেষ করে দেয়। চার বছর ধরে আমাদের ছেলেরা বাড়ি ঢুকতে পারছে না। উনি যদি ভাবেন গোটা বাংলায় এরকম হবে, তাহলে আমরাও চুপ থাকবে না।"












Click it and Unblock the Notifications