Bhawanipore By-Election: ভোটের শুরুতেই কারচুপির অভিযোগ, বুথে-বুথে ঘুরে বিস্ফোরক প্রিয়ঙ্কা টিবরেওয়াল
সকাল থেকে একের পর এক অভিযোগ ভবানীপুরে (Bhawanipore) বিজেপি (BJP) প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal)। প্রথমে তিনি অভিযোগ করেন ১২৬ নম্বর বুথে বুথ জ্যামের। পরে তৃণমূলের বিরুদ্ধে ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগ
সকাল থেকে একের পর এক অভিযোগ ভবানীপুরে (Bhawanipore) বিজেপি (BJP) প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের (Priyanka Tibrewal)। প্রথমে তিনি অভিযোগ করেন ১২৬ নম্বর বুথে বুথ জ্যামের। পরে তৃণমূলের বিরুদ্ধে ১৪৪ ধারা লঙ্ঘনের অভিযোগ তোলেন। প্রতি ক্ষেত্রেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। সাধারণ মানুষের কাছে, তাঁর অনুরোধ ভয় না পেয়ে ভোট দিতে বেরিয়ে আসন।

শুরুতেই বুথ জ্যামের অভিযোগ
এদিন প্রিয়ঙ্কা টিবরেওয়াল ভবানীপুরে ১২৬ নম্বর বুথ জ্যামের অভিযোগ তোলেন। অভিযোগে তিনি বলেন, মদন মিত্র ৭২ নম্বর ওয়ার্ডে ভোট বন্ধ করে রেখেছেন, বুথ দখলের জন্য। বুথের বাইরে সাধারণ ভোটারদের লাইন পড়ে গেলেও কমিশনের কোনও হেলদোল নেই বলেও অভিযোগ করেন তিনি।

১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ
এছাড়াও বিজেপি প্রার্থী অভিযোগ করেন ১৪৪ ধারা ভঙ্গ করা হচ্ছে তৃণমূলের তরফে। গুরুদ্বারের সামনে জমায়েতের অভিযোগও তিনি করেন। বিষয়টি নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান তিনি। পুলিশ কেন ১৪৪ ধারা লাগু করতে ব্যবস্থা নিচ্ছে না, সেই প্রশ্ন তোলেন তিনি।

শাসক দলের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ
এদিন প্রিয়ঙ্কা টিবরেওয়াল সাধারণ মানুষের কাছে বাড়ি থেকে বেরিয়ে ভোটদানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, যদি মানুষ চায়, তাহলে দেখবেন, যা নন্দীগ্রামে হয়েছে, ভবানীপুরেও তা হবে। এখানে শাসদদলের দাদাগিরির কারণে অনেকেই ভোট দিতে বেরোন না বলেও মন্তব্য করেন তিনি। প্রিয়ঙ্কা অভিযোগ করেন, অনেক আবাসনের গেটেই তৃণমূল এর আগে তালা লাগিয়ে দিয়েছে, যাতে ভোটাররা বেরোতে না পারেন। তবে এবার সব জায়গায় ফোন নম্বর দেওয়া হয়েছে, যাতে ভোটাররা কোনও সমস্যায় পড়েন তাহলে জানাতে পারবেন।

তৃণমূলের কটাক্ষ
এদিন বিজেপি প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে তীব্র কটাক্ষ করেছেন ভবানীপুরের নির্বাচনে তৃণমূলের তরফে অন্যতম দায়িত্বপ্রাপ্ত নেতা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, ভবানীপুরের অনেক বুথেই বিজেপি এজেন্ট দিতে পারেনি। বেলা বাড়তেই বিজেপি বড়বাজার থেকে এজেন্ট এনে বসানোর চেষ্টা করবে বলে তিনি কটাক্ষ করেন। তাঁরা যে এই কেন্দ্রে বড় ব্যবধানে জিতবেন, তা স্পষ্ট করে দিয়ে বার্তা দিয়েছেন ফিরহাদ। তিনি বলেছেন, সকাল থেকে বিভ্রান্ত করছেন বিজেপি প্রার্থী। গুরুদ্বারের সামনে ভিড় প্রসঙ্গে তিনি বলেন, যদি সেখানে মানুষ প্রার্থনা করতে যান, তাহলে কী করবে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনের পদক্ষেপ
১২৬ নম্বর বুথে বিজেপি প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে নির্বাচন কমিশন বলেছে, সেখানে মক পোলের প্রক্রিয়ায় দেরি হয়েছে। তবে সেখানে বুথ জ্যামের অভিযোগ অস্বীকার করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। অন্যদিকে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।












Click it and Unblock the Notifications