Belgharia: "মুখ্যমন্ত্রী ছাড়া কাউকে বলব না," ঘনিষ্ঠ বিকাশ গুলি খেতেই খুন হয়ে যাওয়ার আশঙ্কা তৃণমূল কাউন্সিলরের
Belgharia Shootout: বেলঘরিয়ায় শুটআউটকাণ্ডে বিস্ফোরক তৃণমূল কাউন্সিলর। বেলঘরিয়ায় শনিবার রাতে গুলিবিদ্ধ হন বিকাশ সিং নামে তৃণমূল নেতা। মাঝে পড়ে গুলিবিদ্ধ হন সন্তু দাস নামে আরও এক যুবক। আরজি কর হাসপাতালে চিকিৎসাধীন বিকাশ। অন্যদিকে, কামারহাটির সাগর দত্ত হাসপাতালে চিকিৎসাধীন সন্তু। আর এবার খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল কাউন্সিলর নির্মলা রাই।
কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রাই বলেন, "গুলি চলার ঘটনায় প্রভাবশালী কারও হাত রয়েছে। ওয়ার্ডটাকে গোছাতে চাইছি। এখানে ২টো কারখানা রয়েছে, তাই অনেকের হিংসে হচ্ছে। খড়দা কামারহাটি থেকে লোক ঢুকে যাচ্ছে। দুষ্কৃতীরা কোনও দলের নয়। এর আগেও আমাদের এক কর্মীকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দিয়েছে।"

নিজেই খুন হয়ে যাওয়ার ভয়ে কাঁটা তৃণমূল কাউন্সিলর। তিনি বলেন, "আমাকেও হুমকি দিচ্ছে। অনুপম দত্তের মতো অবস্থা হবে, হুমকি দিয়েছে এর আগে। চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীকে এর আগে জানিয়েছিলাম। তারপর ২ বছর সব ঠান্ডা ছিল। এখন ফের ঝামেলা শুরু হয়েছে। ফের হুমকি দিচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী ছাড়া কাউকে বলতে পারব না।"
পুরোনো আক্রোশের জেরে হামলা বলেই অনুমান পুলিশের। টেক্সম্যাকো কারখানার দখলদারি নিয়ে বিবাদ বলে অনুমান। হামলার নেপথ্যে রয়েছে ইন্দাল যাদব নামে এক যুবক, উঠে আসছে এমন দাবিও। মহিলা সংক্রান্ত বিবাদ ছিল বিকাশ ও ইন্দালের। দিনকয়েক আগেই ইন্দোলকে মারধর করে বিকাশ। মারধরের বদলা নিতেই বিকাশকে পাল্টা শনিবার গুলি চালিয়েছে ইন্দাল। তাঁর খোঁজ এখনও পাওয়া যায়নি।
নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ কাউন্সিলরই। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? উঠছে প্রশ্ন। প্রসঙ্গত, শনিবার রাতে বেলঘরিয়ায় উত্তর বাসুদেবপুরে কামারহাটি শহর তৃণমূল কংগ্রেসের দুই সদস্য বিকাশ সিং ও সন্তু দাসকে লক্ষ্য করে গুলি চালানো হয়। দলেরই বৈঠক থেকে তাঁরা ফিরছিলেন বলে সূত্রের খবর। আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই কামারহাটির সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুটি মোটরবাইকে চেপে মোট ৫ থেকে ৬ জন দুষ্কৃতী তাদের সামনে জড়ো হয়। ২ জন দুষ্কৃতী আচমকাই পকেট থেকে রিভলভার বের করে। অন্ততপক্ষে ২ রাউন্ড গুলি চালায় তারা। গুলিতে জখম হন ২ দুজনেই। গুলি করা মাত্রই চম্পট দেয় দুষ্কৃতীরা। রাত ৮টা ৪০ মিনিটে গুলি চলে বলে দাবি। একজনের বুকে গুলি লাগে ও অপরজনের হাতে গুলি লাগে বলে জানা গিয়েছে। রক্তে ভেসে যায় গোটা রাস্তা।












Click it and Unblock the Notifications