আরজি কর দুর্নীতি মামলায় সিবিআই জেরার মুখে অতীন, কী বললেন তৃণমূল বিধায়ক?
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় এবার জিজ্ঞাসাবাদ করা হলো তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষকে। এর আগে, এই মামলায় তৃণমূল বিধায়ক ডা. সুদীপ্ত রায়ের বাড়়ি গিয়েও জিজ্ঞাসাবাদ চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সূত্রের খবর, পরিচিতদের কাজের বরাত পাইয়ে দেওয়ার অভিযোগেই তদন্ত চলছে। চন্দন লোহারকে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্যপ্রমাণ মিলেছে। তা যাচাইয়ের প্রক্রিয়া চলছে। কে বা কারা চন্দনকে বরাত পাইয়ে দিয়েছিলেন সেটাই খুঁজে বের করতে চাইছেন তদন্তকারী অফিসাররা। যে তদন্তকারী আধিকারিকরা সুদীপ্ত রায়ের বাড়ি গিয়েছিলেন তাঁরাই এদিন শ্যামবাজারে অতীনের বাড়িতে যান বলে খবর। ঘণ্টা দুয়েক ধরে চলে জিজ্ঞাসাবাদ।
অতীন জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এসে সাংবাদিকদের জানান, সাক্ষী হিসেবেই তাঁকে নোটিশ দেওয়া হয়েছিল। সেই অনুযায়ীই তাঁর কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চান তদন্তকারীরা। দায়িত্বশীল নাগরিক হিসেবে তদন্তে সহযোগিতাই করেছেন বলে দাবি অতীনের। সিবিআই তাঁর বাড়িতে আসায় কোনও অস্বস্তি নেই অতীনের।
অতীন ঘোষ বলেন, বিধায়ক হওয়ায় আরজি কর হাসপাতালের রোগীকল্যাণ সমিতির সদস্য ছিলাম। তা নিয়েই কিছু প্রশ্ন ছিল। আমি রোগীকল্যাণ সমিতিতে থাকাকালীন কী কী কাজ হয়েছে, মিটিংয়ে কী কী হতো, সে সব প্রশ্নের আমি উত্তর দিয়েছি। তদন্তকারীরা জানিয়েছেন, ৫০০-৬০০ লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমি বছরে রোগীকল্যাণ সমিতির ৩-৪টি বৈঠকে ছিলাম। এর বাইরে কোনও ভূমিকা ছিল না। দেশের ন্যায় সংহিতা অনুযায়ী প্রয়োজনে সিবিআই সাক্ষ্যগ্রহণ করতেই পারে। এই রোগীকল্যাণ সমিতির আরও সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করতে পারে। আমার রাজনৈতিক চরিত্র সকলেরই জানা। আমি ১৫ বছর ধরে পুরসভায় স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ হিসেবেও দায়িত্ব সামলাচ্ছি।












Click it and Unblock the Notifications