ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি?
কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে আবারও অব্যবস্থার অভিযোগ উঠেছে। শ্বাসকষ্ট এবং নাক দিয়ে রক্ত পড়ার সমস্যায় চিকিৎসা করানোর জন্য এসে এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে বলে তাঁর পরিবারের সদস্যরা অভিযোগ তুলেছেন।

মৃত ওই ব্যক্তির নাম বিশ্বজিৎ সামন্ত। পরিবার সূত্রে জানা গিয়েছে যে, অসুস্থ অবস্থাতেই রাতে হাসপাতালে তাঁকে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা হওয়ার পর তাঁর নাকের রক্তপাত বন্ধ হয়ে যায় এবং তিনি কিছুটা সুস্থও বোধ করেন। পরে শৌচালয়ে যাওয়ার জন্য হাসপাতাল কর্মীদের কাছে স্ট্রেচার চাওয়া হয়। অভিযোগ, স্ট্রেচার না পেয়ে তাঁকে হেঁটেই শৌচালয়ে যেতে বলা হয়।
পরিবার দাবি করেছে যে, চিকিৎসা যে জায়গায় চলছিল তার কাছাকাছি কোনও শৌচালয় ছিল না। কর্মীরা বাইরে অথবা দোতলায় যেতে বলেন। অসুস্থ থাকা অবস্থাতেই কষ্ট করে পায়ে হেঁটে দোতলায় শৌচালয়ে যাওয়ার সময় হঠাৎই তিনি অজ্ঞান হয়ে পড়েন। তারপরে বিশ্বজিৎ-কে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
মৃত ওই ব্যক্তির স্ত্রীর নাম ইলা সামন্ত। তিনি অভিযোগ করেন যে, অসুস্থ মানুষকে পায়ে হাঁটিয়ে দোতলায় শৌচালয়ে পাঠানোই হলো মৃত্যুর কারণ। বিশ্বজিৎ-এর ছেলেও দাবি করেছেন যে, কাছেই শৌচালয় অথবা স্ট্রেচারের ব্যবস্থা থাকলে হয়তো এই ঘটনা ঘটত না।
উল্লেখ্য, এই ঘটনার মাত্র দু'দিন আগেই এই একই হাসপাতালের ট্রমা কেয়ার ভবনের লিফটে দুর্ঘটনায় দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায় (৪০)-এর মৃত্যু হয়েছিল। অভিযোগ উঠেছিল যে, যান্ত্রিক ত্রুটির কারণে লিফটে নিয়ন্ত্রণ হারিয়ে বেসমেন্টে আটকে গিয়েছিলেন তিনি এবং সেখানেই দুর্ঘটনাটি ঘটে। অল্প সময়ের ব্যবধানে এই একই হাসপাতালে পরপর দুই মৃত্যুর ঘটনায় আবারও প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। যদিও এই ঘটনার বিষয়ে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে কোনওরকম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications