ফের দুর্ঘটনা মা উড়ালপুলে! গাড়ি ও বাইকের সঙ্গে সংঘর্ষ চারচাকার, আহত ১
মা উড়ালপুলে একের পর এক গাড়ির সংঘর্ষে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন যে, আজ সকালে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে এবং উল্টো দিকের লেনে ঢুকে পড়ে। সেখানেই অন্য একটি গাড়ির সঙ্গে প্রথমে ধাক্কা লাগে। তারপর সেই গাড়িতেই আবার ধাক্কা মারে একটি বাইক। এই দুর্ঘটনায় বাইক আরোহী গুরুতরভাবে আহত হন। রাস্তায় প্রায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই বাইক আরোহীকে। পরে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছলে আহতকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনাটি ঘটার পর থেকে ওই গাড়ির চালকের কোনও খোঁজ পাওয়া যায়নি। আশপাশের গাড়ি চালকদের ধারণা, ঘটনাটি ঘটার পরই সুযোগ বুঝে পালিয়ে গিয়েছেন তিনি। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট হয়নি। তবে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, গাড়িটি খুব দ্রুতগতিতে চলছিল। কেউ কেউ আবার অনুমান করছেন যে, গাড়ি চালক ঘুমিয়ে পড়ার কারণে তিনি তাঁর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।
উল্লেখ্য, মা উড়ালপুলে নির্দিষ্ট গতিসীমা রয়েছে। তবুও নিয়ম ভেঙে দ্রুত গতিতে গাড়ি চালানোর অভিযোগ মাঝেমধ্যেই উঠতে থাকে। দুর্ঘটনার কারণে ওই গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার ফলে কিছুক্ষনের জন্য মা উড়ালপুলে যানজট তৈরি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়। কয়েক মাস আগেও একই উড়ালপুলে বহু গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছিল।












Click it and Unblock the Notifications