পশ্চিম এশিয়ার অস্থিরতায় ধাক্কা বিমান পরিষেবায়, কলকাতা থেকে বাতিল আসা-যাওয়ার ৭ আন্তর্জাতিক উড়ান
পশ্চিম এশিয়ার সাম্প্রতিক উত্তেজনার প্রভাব পড়ল এবার কলকাতা বিমানবন্দরেও। আজ নিরাপত্তা এবং আকাশপথের পরিস্থিতি বিবেচনা করে মোট সাতটি আন্তর্জাতিক উড়ান বাতিল করা হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে যে, কলকাতা থেকে দুবাই, দোহা এবং আবু ধাবির উদ্দেশ্যে ৪টি উড়ান বাতিল হয়েছে। সেইসঙ্গে ওই তিন শহর থেকে কলকাতার উদ্দেশ্যে আসার কথা ছিল এরকম আরও তিনটি উড়ানও স্থগিত রাখা হয়েছে।
বাতিল হওয়া বিমান পরিষেবার মধ্যে রয়েছে এয়ার অ্যারাবিয়ার একটি উড়ান, এতিহাদ এয়ারওয়েজের দু'টি উড়ান, কাতার এয়ারওয়েজের দু'টি উড়ান এবং এমিরেটসের দু'টি উড়ান।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে, বর্তমানে পশ্চিম এশিয়ার পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে উড়ানের রুট এবং সময়সূচি পর্যালোচনা করা হচ্ছে। তাই বাড়ি থেকে বেরোনোর আগে যাত্রীদের নিয়মিত উড়ানের আপডেট দেখে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইজরায়েল এবং আমেরিকার ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের পর থেকেই পশ্চিম এশিয়ায় উত্তেজনা বেড়েছে। আর এই কারণেই কয়েকটি দেশ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করেছে, ফলে আন্তর্জাতিক বিমান চলাচলেও এর প্রভাব পড়ছে।












Click it and Unblock the Notifications