ছেলের হাত ধরে বেরিয়ে এলেন অভিষেক, জন্মদিনে শুভেচ্ছা নিলেন কর্মী- সমর্থকদের থেকে
বেলা যত বেড়েছে, ভিড় বেড়েছে তত গুণ। কালীঘাটের রাস্তা বরাবর ব্যস্ততায় ঢাকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সেখানে। তাই ভিড়ভাট্টা খুব একটা জমতে দেয় না পুলিশ। কিন্তু মঙ্গলবার দেখা গেল অন্য ছবি। দুপুর গড়ানোর পরেই উৎসাহী কর্মী-সমর্থকদের ভিড় বাড়তে থাকে। কেউ এনেছেন কেকের বাক্স। কেউ এনেছেন ফুলের তোড়া। হবে নাই বা কেন? আজ তাদের নেতার জন্মদিন।
কালীঘাটের রাস্তায় তৃণমূল কর্মী সমর্থকদের ভিড়। আশেপাশের দেওয়াল, রাস্তার অংশগুলোতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো ব্যানার, পোস্টার। একটি বড় ফ্লেক্স টাঙানো আছে রাস্তার উপরেই। আজ মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। প্রিয় নেতার জন্মদিনের টানেই কালীঘাটে জড়ো হয়েছেন অনুগামীরা।

অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামবেন কি নামবেন না? এই প্রশ্ন ছিল। কিন্তু হতাশ করেননি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দুপুরের পরে ভিড় বেড়েছে। দেখা যায়, কালীঘাটের বাড়ি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে আসছেন। গাড়ি নয়, পায়ে হেঁটে তিনি এগিয়ে এসেছেন তৃণমূলের কর্মী সমর্থকদের দিকে। হাত নেড়েছেন। জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করেছেন সাদরে।
আগে থেকেই রাস্তার উপর কলকাতা পুলিশ ব্যারিকেড করে রেখেছিল। ব্যারিকেডের উপর ওপাড়ে সাধারণ মানুষ অপেক্ষা করছিলেন। একবার নেতাকে দেখবেন। জন্মদিনের শুভেচ্ছা জানাবেন প্রিয় নেতাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যারিকেডের কাছে পৌঁছে যান। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ছোট ছেলেকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন।
ছেলের হাত ধরে বাবা রাস্তায় হাঁটেন। ছেলেকে কোলে তুলে নেন। তৃণমূল কর্মী সমর্থকদের দিকে এগিয়ে যান তারা। ব্যারিকেডের এপাড় থেকে তৃণমূল কর্মীদের দিকে হাত বাড়িয়ে দিলেন অভিষেক। কিছু ফুলের তোড়া তিনি গ্রহণ করেছেন। কেকের বাক্স, ব্যারিকেড পেরিয়ে এসে পৌঁছেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ ঘটনাতেই আপ্লুত কালীঘাটে যাওয়া কর্মী সমর্থকরা।
মঙ্গলবার ৭ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। এবার ৩৬ বছরে পড়লেন অভিষেক। কালীঘাটের বাড়িতে এদিন পরিবার নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাধারণত অভিষেক কালীঘাটের থেকে কিছুটা দূরে তার নিজের বাড়ি শান্তিনিকেতনে থাকেন। জন্মদিন উপলক্ষে ওই বাড়িতে ছিলেন। এ কথাই অনুমান করা হচ্ছে।
প্রিয় নেতার জন্মদিন। রাজ্যের বিভিন্ন অংশে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করেছেন। তার দীর্ঘায়ু চেয়েছেন দলের অন্যান্য নেতৃত্ব, কর্মীরা। হাওড়া হাসপাতালে জেলা তৃণমূলের পক্ষ থেকে রোগীদের ফল বিতরণ করা হয়েছে।
নৈহাটির বড়মার মন্দিরে পুজো ও যজ্ঞ করেছেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। অন্যান্য তৃণমূল নেতারাও সেই যজ্ঞে উপস্থিত ছিলেন।












Click it and Unblock the Notifications