একুশে ২০০ পারের স্লোগান তুলে ৭৭ পেয়েছে বিজেপি, ২৬-এ কী হাল হবে জানালেন অভিষেক
২০২১-এ ২০০ পারের স্লোগান তুলে বাংলার পরিবর্তনের দাবি জানিয়েছিল বিজেপি। তারপর কী পরিণতি হয়েছে সবার জানা। আর সামনে বার অর্থাৎ ২০২৬-এর নির্বাচনে বিজেপির কী হাল দাঁড়াবে, তা আমি বলে দিচ্ছি। ২০২৩-এ পঞ্চায়েত নির্বাচনের আগে হাওড়ার হিংসার ঘটনায় এক সাংবাদিক সম্মেলনে এভাবেই বিজেপিকে নিশানা করলেন অভিষেক।
শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি কখনই দাঙ্গা বাঁধিয়ে বাংলা জয় করতে পারবে না। গতবার ২০০ পার বলে, ৭০-এ এসে গাড়ি আটকে গিয়েছিল। পরের বার যখন বিধানসভা নির্বাচন হবে বিজেপি ২০ থেকে ৩০-এর মধ্যে আটকে যাবে। ২০২৪-এর আগে বিজেপিকে সাবধান করে তিনি বলেন, বাংলাকে অসম বা মহারাষ্ট্র ভাবলে ভুল করবেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়, বাংলাকে ভুল বোঝাতে পারবেন না বিজেপির নেতারা। কেননা বাংলা হল স্বাধীনতা সংগ্রামীদের জন্মভূমি। যতই মেরুকরণের রাজনীতি করুন, বাংলা বাংলার জায়গাতে ঠিক থাকবে। ২০২১-এই সেই প্রমাণ দিয়ে দিয়েছে বাংলা। যতবার আপনারা মেরুকরণেপ রাজনীতি করবেন, ততবারই আপনাদের হার হবে।
অভিষেক বলেন, মেরুকরণের রাজনীতি বন্ধ করে মানুষের কাছে আবেদন করুন। শান্তি, শৃঙ্খলা বজায় রাখুন। একজন জনপ্রতিনিধি হিসাবে মানুষের কাছে আবেদন করা উচিত, সেই সারসত্যটা ভুলে যাচ্ছে বিজেপি। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে হিংসা ছড়াতেও পিছপা হচ্ছে না তারা। অভিষেক সাফ জানিয়ে দেন, আগামী এক-দু'মাসের মধ্যে দিল্লিতে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
অভিষেক সাফ জানিয়ে দেন, বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করলে, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীরও পদত্যাগ দাবি করা উচিত। বাংলার জন্য এক নিয়ম, অন্য রাজ্যের জন্য আলাদা নিয়ম, এটা হতে পারে না। আপনি কি হিসাবে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছেন? কালকের ঘটনার জন্য দায়ী একমাত্র বিজেপি।
অভিষেকের অভিযোগ, কথায়-কথায় যাঁরা মানুষকে মিথ্যা কথা বলে ভুল বোঝান, আগে তাঁদের পদত্যাগ করা উচিত। শপথ নিয়ে মানুষকে মিথ্যা কথা বলেন। মনে রাখবেন, মুখ্যমন্ত্রীর পুলিশ সক্রিয় ছিলেন বলে একজনও প্রাণে মরেননি। এটা আর যাই হোক, আমাদের কাছে আশীর্বাদ
অভিষেক বলেন, দুটো আলাদা মিছিল বের করে পরিকল্পিত গুন্ডামি করেছে বিজেপি। তা না হলে কোমরে পিস্তল নিয়ে কেন মিছিল। গায়ের জোরে ওই রাস্তায় মিছিল ঢুকিয়ে ভাঙচুর চালানো হয়েছে। স্লোগান দিয়ে আগুন লাগানো হয়েছে। আমাদের কাছে আগেই খবর ছিল অশান্তি হবে।
পুলিশের তরফে বারবার বলা হয়েছিল, আড়াইটে থেকে পাঁচটার মধ্যে শোভাযাত্রা শেষ করার কথা বলা হয়েছিল। কিন্তু বিজেপি রামনবমীর মিছিল বরে করেছিল পাঁচটার একটু আগে। আর সন্ধ্যের ঠিক মুখেই অশান্তি ছড়ানো হয়েছে। দোকানে, বাজারে ভাঙচুর চালানো হয়েছে। স্লোগান দিয়ে আগুন লাগানো হয়েছে। একেবারে ভিডিও দেখিয়ে এই দাবি করেছেন অভিষেক।












Click it and Unblock the Notifications