Abhishek Banerjee: সবাইকে ফোন নম্বর দিয়ে দিলেন অভিষেক, বললেন 'আইপ্যাকের নাম করে বলা হচ্ছে...',
Abhishek Banerjeeঃ মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পর আইপ্যাক নিয়ে এবার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। কিছুদিন আগেই মমতা দাবি করেছিলেন আইপ্য়াককে নিয়ে ভুল কথা বলা বন্ধ করতে হবে, এবার বৈঠক থেকে বার্তা দিলেন অভিষেক। আজ, শনিবার দলীয় নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক। মূলত ভোটার লিস্ট নিয়ে আলোচনার জন্য এদিন এই পৃথক বৈঠক করেন তিনি।
আগেই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এই সংক্রান্ত বৈঠক সেরেছেন। এদিন সাংসদ দাবি করেন, আইপ্য়াক ও তাঁর অফিসের নাম নিয়ে কেউ বা কারা অনেক কিছু রটাচ্ছে। সে ব্যাপারে সতর্ক থাকার কথা বলেন অভিষেক (Abhishek Banerjee) ।

এদিন তিনি বলেন, "আর একটা অভিযোগ আসছে। আমার অফিসের নাম করে, আইপ্যাকের নাম করে বলা হচ্ছে যে তোমায় প্রেসিডেন্ট করে দেব, তোমায় ব্লকের দায়িত্ব দেব। এরকম অনেকেই আগে গ্রেফতার হয়েছে।" এমন কিছু ঘটলে যোগাযোগ করার জন্য দলের নেতা-কর্মীদের একটি নম্বরও দেন তিনি।
অভিষেক বলেন, "৮১৪২৬৮১৪২৬ এই নম্বরটা দিয়ে রাখছি, যে যাবে তার নাম ভেরিফাই করে নেবেন এই নম্বরে। কেউ গেলে জেলা সভাপতির কাছে বা ব্লক বা টাউন সভাপতির কাছে আগাম বার্তা থাকবে। সে না হলে কাউকে এন্টারটেন করবেন না। আমার অফিসে জানাবেন।"
উল্লেখ্য, আইপ্যাক তৃণমূলের সঙ্গে কাজ করবে কি না, সে ব্যাপারে জল্পনা তৈরি হয়েছিল। মদন মিত্র সহ দলের অনেক নেতাই আইপ্যাক সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছিলেন। পরের নেতাজি ইন্ডোর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন, আইপ্যাক নিয়ে উল্টোপাল্টা কথা বলা বন্ধ করতে হবে। আইপ্যাক কর্তা প্রতীক জৈনের সঙ্গে কিছুদিন আগে মমতা বৈঠক করেছেন বলেও সূত্রের খবর।
এদিকে, এদিন ভোটার লিস্ট পরিষ্কার করার জন্য কী করতে হবে, তা স্পষ্ট করে দেন অভিষেক। কাদের নাম বাদ দিতে হবে সেটাও বুঝিয়ে দেন। এই বিষয়ে আলোচনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটি কমিটি গড়ে দিয়েছিলেন, যার নেতৃত্বে রয়েছেন সুব্রত বক্সী। কয়েকদিন আগে কমিটির সদস্যদের নিয়ে বক্সী বৈঠক করলেও সেই বৈঠকে ছিলেন না অভিষেক। শনিবার পৃথক বৈঠক ডেকেছিলেন তিনি।
অন্যদিকে এদিনের বৈঠক থেকে মালদহ, পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলার ফলাফল নিয়েও চরম ক্ষোভ] প্রকাশ করেন। এমনকী তৃণমূল নেতৃত্বের মধ্যে ঝগড়া সহ একাধিক ইস্যুতেই এই হার বলেও এদিন বৈঠক থেকে বার্তা দেন অভিষেক।












Click it and Unblock the Notifications