সাতসকালে ভয়াবহ কান্ড! দাউদাউ করে জ্বলছে বাঘাযতীন স্টেশন, কীভাবে আগুন লাগলো?
সপ্তাহের প্রথম কর্মদিবসেই বড়সড় বিপত্তি। আজ সকালে বাঘাযতীন রেল স্টেশনে হঠাৎ করে আগুন লেগে যায়। আতঙ্ক ছড়ায় সমস্ত যাত্রীদের মধ্যে। প্ল্যাটফর্মে থাকা অস্থায়ী দোকানে আগুন ধরে যাওয়ায় কিছু সময়ের জন্য ব্যাহত হয় ট্রেন পরিষেবা। ভোগান্তিতে পড়েন নিত্য দিনের যাত্রীরা।

সকাল প্রায় ৬টা নাগাদ বাঘাযতীন স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে থাকা একটি কাপড়ের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে এবং পাশের আরও একটি দোকানেও আগুন ধরে যায়। সেই দৃশ্য দেখতে পেয়েই স্টেশনে অপেক্ষারত যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করেন।
খবর পাওয়ার পরে দ্রুত দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় আধঘণ্টার চেষ্টা চালানোর পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডে দোকানের ভেতরে থাকা কাপড় এবং অন্যান্য সামগ্রী পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
কীভাবে আগুন লেগেছে তার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। রেল কর্তৃপক্ষ ও দমকল বিভাগ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
অগ্নিকাণ্ডের কারণে নিরাপত্তার কথা মাথায় রেখে শিয়ালদহ দক্ষিণ শাখার ডাউন লাইনে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। প্রভাব পড়ে আপ লাইনেও। অনেক লোকাল ট্রেন মাঝপথে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকে। অফিস টাইমে এইরকম ঘটনায় চরম সমস্যায় পড়েন যাত্রীরা। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে ধীরে ধীরে ট্রেন চলাচল আবার স্বাভাবিক করা হয়।












Click it and Unblock the Notifications