৭০০ মিটার রাস্তা স্কুলের গাড়িতে যেতে ভাড়া ১২ হাজার! ডায়মন্ড হারবারে পথ অবরোধ অভিভাবকদের
মধ্যরাত থেকেই বাংলার দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনাতেও চলছে বৃষ্টি। সকাল থেকেই অবরোধ রয়েছে ডায়মন্ড হারবার রোড। কেন্দ্রীয় বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকরা অবরোধ করে রেখেছেন রাস্তা। কী কারণে এই অবরোধ?
জোকা ম্যানেজমেন্ট - এর ভিতর কেন্দ্রীয় বিদ্যালয়। ডায়মন্ড হারবার রোড থেকে এই স্কুলের দূরত্ব প্রায় সাতশো মিটার। এই সাতশো মিটার রাস্তা পড়ুয়াদের যেতে মাঝেমধ্যেই সমস্যা হয়। পড়ুয়াদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য যে গাড়ির ব্যবস্থা হচ্ছে, তার ভাড়া মাত্রা অতিরিক্ত। সেজন্যই বৃহস্পতিবার সকালে পথ অবরোধে নামলেন অভিভাবকরা।

অভিভাবকদের বক্তব্য ছাত্রছাত্রীদের গেটে ছেড়ে দিলে স্কুল ব্যাগ বয়ে নিয়ে যেতে কষ্ট হয়। কারণ, অনেক ছোট ছোট ছেলেমেয়ে এই স্কুলে পড়ে। ম্যানেজমেন্টের তরফ থেকে একটি টাকা ধার্য করা হচ্ছে পড়ুয়াদের ভিতরে গাড়ি নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেই গাড়ির জন্য মাসে মোটা টাকা গুনতে হবে। এখানেই আপত্তি অভিভাবকদের।
অভিভাবকদের বক্তব্য, টাকা না দিলে ম্যানেজমেন্টের তরফ থেকে বলা হচ্ছে বাচ্চাদেরকে গেটের সামনে ছেড়ে দিতে। বাচ্চারা নিজে নিজে স্কুল চলে যাবে। কিন্তু এই কথায় আপত্তি তুলেছেন বাবা - মায়েরা। কিন্তু গাড়ির জন্য মাসে কত টাকা করে ধার্য করা হয়েছে?
জানা গিয়েছে, স্কুলের তরফ থেকে টু হুইলারের জন্য তিন হাজার টাকা, থ্রি হুইলারের জন্য পাঁচ হাজার টাকা ধার্য করা হয়েছে। চার চাকার গাড়ির জন্য ছয় হাজার টাকা ধার্য করা হয়েছে। বাসের জন্য ১২ হাজার টাকা ধার্য করা হয়েছে। মাসে এই টাকার অঙ্ক শুনে বেশি সংখ্যক অভিভাবকই ক্ষোভ জানিয়েছেন।
ম্যানেজমেন্ট - এর ভিতরে এই গাড়িগুলো ঢুকলে এই টাকাগুলো স্কুলকে দিতে হবে। অপর দিকে অভিভাবকদের বক্তব্য এই টাকা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তারা স্কুলের সামনে বাচ্চাকেও ছেড়ে দেবে না। কারণ, কয়েক দিন আগে একটি বাচ্চা জলে ডুবে মারা গিয়েছে। যদিও সেই বাচ্চাটি এই স্কুলের নয়। তা সত্ত্বেও বাচ্চাদের একেবারে গেটের সামনে ছাড়তে রাজি নয় অভিভাবকরা। সেই নিয়ে এখন টানাপোড়েন চলছে।












Click it and Unblock the Notifications