21 July Shahid Diwas: মুকুল রায় বিজেপিতে না তৃণমূলে? নিজের মুখেই জানালেন সে কথা
মুকুল রায় একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবসে হাজির হতেই সেই অবধারিত প্রশ্নটাই উঠে পড়ল। মুকুল রায় বিজেপিতে না তৃণমূলে? একুশে জুলাইয়ের শেষবেলায় হঠাৎ ধর্মতলার সভায় হাজির হয়ে তিনি নিজেই জবাব দিলেন সেই বিতর্কের। অবসান ঘটালেন অনেক জল্পনার।
একদা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড ছিলেন মুকুল রায়। সাড়ে তিন বছরে বিজেপিতে কাটিয়ে তিনি তৃণমূলে ফিরলেও সক্রিয় হননি। বর্তমানে অসুস্থতা তাঁর রাজনৈতিক জীবনকে প্রায় থামিয়ে দিয়েছে। তবু অসুস্থ শরীর নিয়ে তিনি একুশের সভাস্থলে হাজির হতেই মুকুল রায়কে মুখোমুখি হতে হল সেই প্রশ্নের।

মুকুল রায় এখনও খাতায় কলমে বিজেপির বিধায়ক। তিনি বিধানসভা নির্বাচনে জিতেই ফিরে এসেছিলেম তৃণমূলে। তারপর তিনি বিধানসভায় পাবলিক অ্যাকউন্টস কমিটির চেয়ারম্যানও হয়েছিলেন। কিন্তু তারপরই বিতর্ক আদালতের দরবারে পৌঁছয়। মুকুল রায় আসলে কার?
বিধানসভার স্পিকারও রায় দেন তিনি তৃণমূলের বিধায়ক। কিন্তু তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন, তাও মিথ্যা নয়। এর মধ্যে আবার অসুস্থ শরীরে হঠাৎ দিল্লি পৌঁছে তিনি ঘোষণা করে দেন বিজেপিতে যোগ দিতে যাচ্ছেন। নিজের মুখেই বলেছিলেন বিজেপিতেই আছেন তিনি।
এহেন মুকুল রায় একুশে জুলাইয়ের সভাস্থলে হাজির হলেন ছেলে শুভ্রাংশুর সঙ্গে। একুশে জুলাইয়ের মঞ্চে শেষ ও প্রধান বক্তা হিসেবে তখন বক্তৃতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই একটি সাদা গাড়ি থেকে তিনি নামলেন। তাঁকে দেখতে পেয়েই সংবাদমাধ্যমের প্রতিনিধিরা প্রশ্ন উগরে দেয়, আপনি কোন দলে রয়েছেন।
মুকুল রায় জানান, তিনি তৃণমূলেই আছেন। তারপর তাঁকে প্রশ্ন করা হয়, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে? জবাবে মুকুল বলেন, দেখা হয়েছে, তবে কথা হয়নি। আর শুভ্রাংশু বলেন, বাবা অসুস্থ, তবু একুশে জুলাইয়ের সমাবেশে আসতে চেয়েছিলেন। তাই নিয়ে এসেছিলাম।

এদিন পরিচিতদের সঙ্গেও সাক্ষাৎ হয় মুকুলের। কেউ কেউ জানতে চান-- কেমন আছে শরীর। জবাবও দেন মুকুল রায়। বলেন, শরীর আগের থেকে একটু ভালো। তবে এখন আর বাড়ি থেকে খুব বেশি বের হই না। মুকুল আবার উল্টে অনেককে বললেন, একদিন এসো না বাড়িতে। কথা হবে।
তৃণমূলের একটা সূত্রের দাবি, মুকুল রায়কে একুশে জুলাইয়ের সভায় আনার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনে একপ্রস্থ কথা বলেছিলেন শুভ্রাংশু। ফলে মুকুল যে আসবেন, তা অনেকে জানতেন। রাজনৈতিক মহলে জল্পনা, এটাও একটা চাল। তৃণমূল বুঝিয়ে দিল, খাতায়-কলমে বিজেপি বিধায়ক হলেও একদা সেকেন্ড ইন কম্যান্ড মুকুল রায় তৃণমূলেই আছেন।












Click it and Unblock the Notifications