গোলপার্কে আতঙ্কিত রাতের পর বড় সাফল্য পুলিশের, এলাকা দখল নিয়ে গুলি-বোমাবাজি কাণ্ডে গ্রেফতার ১০
কলকাতার গোলপার্কে রবিবার রাতের গুলি এবং বোমাবাজির ঘটনায় ১০ জনকে গ্রেফতার করল রবীন্দ্র সরোবর থানার পুলিশ। কাঁকুলিয়া রোডে দুষ্কৃতীদের তাণ্ডবে পুলিশের গাড়ি এবং একাধিক বাইক ভাঙচুর হয় বলে অভিযোগ। ঘটনায় কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর দলের নাম উঠে আসে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, ধৃত ওই ১০ জনের বয়স ১৮-৩৮ বছরের মধ্যে। তাদের মধ্যে পাঁচ জনের বাড়ি রবীন্দ্র সরোবর থানা এলাকাতেই। এবং বাকি ৫ জন কসবার বাসিন্দা। ঘটনাটির খবর পাওয়ার পর রাতেই এলাকায় পৌঁছে যায় পুলিশ এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ডিসি ভোলানাথ পাণ্ডে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রবীন্দ্র সরোবর এবং কসবা এলাকায় তল্লাশি চালানোর পরে অভিযুক্তদের ধরা হয়।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, রাত সাড়ে ৮টা নাগাদ রবিবার সন্ধ্যার সময় গোলপার্কের পঞ্চাননতলায় একটি ক্লাবের পিকনিক চলাকালীন প্রথমে দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হয়। তার পরেই প্রায় ১০০-১৫০ জন দুষ্কৃতী মুখ ঢেকে এলাকায় এসে আক্রমণ করে। গুলি, বোমার পাশাপাশি ধারালো অস্ত্র নিয়েও সেখানে হামলা চালানো হয়। পুলিশের গাড়ি এবং স্থানীয়দের বাইক ভাঙচুর করা হয়। রাস্তায় ছোড়া ইট, গুলির খোল এবং বোমার সুতলি উদ্ধার করা হয়েছে। জায়গায় জায়গায় রক্তের দাগও পাওয়া গিয়েছে।
এই ঘটনায় অন্তত দু'জন আহত হয়েছেন। গণেশ দাস নামে এক যুবকের বুকে গুলি লেগেছে এবং সনৎ সিংহ নামে আরেক জনের মাথায় চোট লেগেছে। বর্তমানে দু'জনেরই এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে।
ধৃতরা প্রত্যেকে সোনা পাপ্পুর দলের সঙ্গে যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।












Click it and Unblock the Notifications