Xi Jinping Putin Video Meet: ট্রাম্পের শপথের কয়েক ঘণ্টা পেরোতেই ভার্চুয়াল বৈঠকে পুতিন-জিনপিং, নয়া সমীকরণ?
Xi Jinping Putin Video Meet: ভিডিয়ো কনফারেন্সে বৈঠক সারলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি সূত্রে মিলেছে এমনই খবর। ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট (US President) হিসেবে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) শপথ নেওয়ার পরই চিন ও রাশিয়ার রাষ্ট্রনেতাদের বৈঠক সন্দেহাতীতভাবে তাৎপর্যপূর্ণ।
জানা গিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কে শান দিতেই বৈঠক সেরেছেন রাশিয়া ও চিনের প্রেসিডেন্ট (China President)। বাহ্যিক বিভিন্ন চাপ সত্ত্বেও রাশিয়া ও চিন (Russia and China) পারস্পারিক আস্থা ভরসা অর্জন করে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করছে বলে জানান পুতিন। সূত্রের খবর, রাশিয়ার সঙ্গে একসঙ্গে কাজ করে দ্বিপাক্ষিক সম্পর্ক মজুবত করার বার্তা দিয়েছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিংও।

সংবাদসংস্থা রয়টার্সের রিপোর্টে দাবি, চিনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন পুতিন। মস্কো ও বেজিংয়ের জাতীয় স্বার্থে একাধিক সাদৃশ্য রয়েছে বলেও জিনপিংকে জানিয়েছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, "পারস্পারিক বিশ্বাস, সমর্থন ও সাম্যের ভিত্তিতে আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছে। এই সম্পর্ক একেবারেই আত্মনির্ভরতার উপর গড়ে উঠেছে, যেখানে অভ্যন্তরীণ কোনও বৈরিতা নেই।"
অপরদিকে সিসিটিভির দাবি, এদিন জিনপিং বলেন, "চিন ও রাশিয়ার মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তোলা হবে। যৌথভাবে উন্নয়নে জোর দেওয়া হবে। আন্তর্জাতিক স্তরেও দুই দেশেরই স্বার্থ বিবেচনা করা হবে।" দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস টেনে এনেও দুই দেশের মধ্যে আরও সহযোগিতা বৃদ্ধির কথা বলেন জিনপিং। লক্ষ লক্ষ মানুষের জীবন দিয়ে এই যুদ্ধে কষ্টার্জিত জয় পাওয়া গিয়েছে, তাঁর মর্যাদা রক্ষা করা হবে বলে মন্তব্য করেন শি জিনপিং।
উল্লেখ্য, ইউক্রেনে রাশিয়ার হামলা ও যুদ্ধ শুরুর প্রথম থেকেই মস্কো ও বেজিং সামরিক ও বাণিজ্যে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধি করেছে। এদিকে যুদ্ধের প্রথম দিন থেকেই রাশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে গিয়েছে। দ্বিতীয়বার মসনদে বসে চিনের উপর শুল্ক চাপানোর হুঁশিয়ারিও দিয়েছেন ট্রাম্প। এমতাবস্থায় পুতিন ও জিনপিংয়ের বৈঠক নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের।












Click it and Unblock the Notifications