নতুন বছরের আগমনে পেরুর শামানদের ভবিষ্যদ্বাণী, ট্রাম্পের অসুস্থতা, মাদুরোর পতনের ইঙ্গিত
নতুন বছরকে স্বাগত জানাতে পেরুর শামানদের বার্ষিক আচার অনুষ্ঠান থেকে উঠে এল একের পর এক চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী। দক্ষিণ লিমার এক সমুদ্রসৈকতে রঙিন পনচো গায়ে, ধূপ ধুনো ও ফুল ছড়িয়ে বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ নিয়ে নানা ইঙ্গিত দেন শামানরা। তাঁদের কথায়, ২০২৬ সাল হতে চলেছে আন্তর্জাতিক রাজনীতিতে বড় পরিবর্তনের বছর।
এই আচার অনুষ্ঠানে অংশ নেওয়া শামান হুয়ান দে দিয়োস গার্সিয়া দাবি করেন, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুতর অসুস্থতায় ভুগতে পারেন। তাঁর বক্তব্য, "মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রস্তুত থাকতে হবে। ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের অসুস্থতার সম্মুখীন হবেন।"

অনুষ্ঠানে শামানরা বিশ্বের একাধিক প্রভাবশালী রাষ্ট্রনেতার বড় পোস্টার নিয়ে প্রতীকী আচার সম্পন্ন করেন। তরবারি চালানো, ধূপ জ্বালানো এমনকি কিছু পোস্টার পদদলিত করাও দেখা যায়। ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পাশাপাশি এই তালিকায় ছিলেন রাশিয়ার ভ্লাদিমির পুতিন, চিনের শি জিনপিং ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও।
ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়েও ভবিষ্যদ্বাণী করেন গার্সিয়া। তাঁর দাবি, "আমি দেখছি নিকোলাস মাদুরো পরাজিত হবেন। তিনি ভেনেজুয়েলা ছেড়ে পালাবেন, তবে তাঁকে আটক করা যাবে না।"
নিজের দেশের রাজনীতিতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দেন শামানরা। গার্সিয়ার মতে, প্রাক্তন প্রেসিডেন্ট আলবের্তো ফুজিমোরির কন্যা কেইকো ফুজিমোরি অবশেষে পেরুর রাষ্ট্রপতি হবেন। আগের তিনবার ব্যর্থ হলেও ২০২৬ সালের নির্বাচনে তিনি জয়ী হবেন বলে দাবি করেন শামানরা। গার্সিয়া জানান, পূর্বপুরুষদের ব্যবহৃত 'ওয়াচুমা' নামক এক ভেষজ উদ্ভিদের মাধ্যমে তিনি এই ভবিষ্যৎ দেখতে পেয়েছেন।
এছাড়াও, দীর্ঘদিন ধরে চলা রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের অবসান ঘটবে বলেও পূর্বাভাস দেন শামানরা। গার্সিয়ার কথায়, "আমি দেখছি সংঘাত শেষ হবে, শান্তির পতাকা ওড়ানো হবে।"
উল্লেখ্য, প্রতি বছর ডিসেম্বরের শেষ দিকে এই বিশেষ আচার অনুষ্ঠান পালন করেন পেরুর শামানরা। অতীতেও তাঁরা ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার ভবিষ্যদ্বাণী করেছিলেন, যদিও তা ২০২৩ সালে বাস্তবায়িত হয়নি। তবু নতুন বছরের প্রাক্কালে তাঁদের এই ভবিষ্যদ্বাণী ঘিরে কৌতূহল বাড়ছে আন্তর্জাতিক মহলে।












Click it and Unblock the Notifications