ভবিষ্যৎ কি আরও ভয়ঙ্কর? চলতি বছরে জঙ্গি হামলাগুলি কি বিশ্বকে নতুন সংকটের মুখে ফেলল? জানুন
চলতি বছর বিশ্ববাসীর স্মৃতিতে থেকে যাবে এক ভয়ঙ্কর অধ্যায় হিসেবে। বছরজুড়ে একের পর এক নৃশংস সন্ত্রাসবাদী হামলায় কেঁপে উঠেছে নানা প্রান্তের দেশ। পর্যটন কেন্দ্র, ধর্মীয় অনুষ্ঠান, আদালত চত্বর, এমনকি স্কুলবাস কোনও কিছুই রেহাই পায়নি উগ্রপন্থীদের হিংস্রতা থেকে। এই সাতটি হামলা শুধু প্রাণ কেড়ে নেয়নি, প্রকাশ্যে এনে দিয়েছে বিশ্বজুড়ে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার করুণ ছবি।
অস্ট্রেলিয়ার সিডনি শহরের বন্ডি বিচ যেখানে আনন্দ ও উৎসবের আবহ থাকার কথা, সেখানেই ১৪ ডিসেম্বর হানুক্কা উপলক্ষে মেনোরা প্রজ্জ্বলন অনুষ্ঠানে গুলি চালায় দুই বন্দুকধারী। বাবা ছেলে জুটির এই হামলায় প্রাণ যায় অন্তত ১৬ জনের, আহত হন ৪০র বেশি মানুষ। পুলিশ জানায়, এটি ছিল লক্ষ্যভিত্তিক ইহুদি বিদ্বেষী হামলা। হামলাকারীদের গাড়ি থেকে উদ্ধার হয় একটি সন্দেহজনক ঘরে তৈরি বোমা।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও রক্ত ঝরে। ১১ নভেম্বর জেলা বিচার ভবনের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয় ১২ জনের, আহত হন অন্তত ৩৬ জন।
তেহরিক ই তালিবান পাকিস্তানের সঙ্গে যুক্ত জঙ্গি সংগঠন জামাত উল আহরার হামলার দায় স্বীকার করে। প্রায় এক দশকের মধ্যে এটি ছিল ইসলামাবাদের সবচেয়ে ভয়াবহ জঙ্গি আক্রমণ।
ভারতের রাজধানী পুরনো দিল্লীর লালকেল্লার কাছে ১০ নভেম্বর ঘটে ভয়ঙ্কর গাড়িবোমা বিস্ফোরণ। ঘটনায় প্রাণ হারান কমপক্ষে ১৫ জন, আহত হন ২০ জনের বেশি। কেন্দ্র সরকার একে সন্ত্রাসবাদী হামলা হিসেবে চিহ্নিত করেছে ও তদন্তভার দেওয়া হয়েছে জাতীয় তদন্ত সংস্থাকে ( এনআইএ)।
আফ্রিকার কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ইতুরি প্রদেশের কোমান্ডা এলাকায় ২৭ জুলাই রাতের প্রার্থনা চলাকালীন হামলা চালায় ইসলামিক স্টেট ঘনিষ্ঠ বিদ্রোহীরা। নারী ও শিশু সহ অন্তত ৪৩ জন নিহত হন এই বর্বর আক্রমণে।
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মির আলিতে ২৮ জুন আত্মঘাতী গাড়িবোমা হামলার লক্ষ্য হয় সেনাবাহিনীর কনভয়। বিস্ফোরণে মৃত্যু হয় ১৬ জন সেনা জওয়ানের, আহত হন ২৯ জন। এই হামলার দায় স্বীকার করে হাফিজ গুল বাহাদুর গোষ্ঠী।
ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকা, যাকে 'মিনি সুইজারল্যান্ড' বলা হয়, সেখানেও ২২ এপ্রিল পর্যটকদের উপর নেমে আসে সন্ত্রাসের ছায়া। হামলায় ২৫ জন পর্যটক ও এক স্থানীয় বাসিন্দা প্রাণ হারান, আহত হন প্রায় ২০ জন।
সবচেয়ে হৃদয়বিদারক ঘটনাগুলির একটি ঘটে বালুচিস্তানের খুজদারে। বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে একটি স্কুলবাসে ধাক্কা দেয় আত্মঘাতী জঙ্গি। শিশু সহ ১১ জনের মৃত্যু হয়, আহত হন ৫৩ জন। বালুচিস্তান লিবারেশন আর্মির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
২০২৫ সালের এই ঘটনাগুলি স্পষ্ট করে দিয়েছে সন্ত্রাসবাদ এখনও বিশ্বজুড়ে এক গভীর ক্ষত। সীমান্ত, ধর্ম, বয়স কিছুই মানে না এই হিংসা। নিরাপত্তা ও শান্তির প্রশ্নে গোটা বিশ্বের সামনে তাই আরও বড় চ্যালেঞ্জ।












Click it and Unblock the Notifications