ভারত কি স্টেজ-থ্রিতে? আগের বক্তব্য থেকে সরে এসে ভুল স্বীকার WHO-এর
ক্রমেই করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে চলেছে ভারতে। লকডাউন সত্ত্বেও একের পর এখ মানুষ প্রাণ হারাচ্ছে করোনা সংক্রমণে। এই পরিস্থিতিতে জানা গিয়েছে গত ২৪ ঘণ্টাতেই দেশে করোনার জেরে মারা গিয়েছেন ৩৩ জন। এদের মধ্যে ২৫ জনই মারা গিয়েছেন মহারাষ্ট্রে। এর জেরে দেশে এখন করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯৯-তে।

কী বলা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে?
এই অবস্থায় কয়েকদিন আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয় যে ভারতে করোনা সংক্রমণ স্টেজ থ্রিতে চলে গিয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই দাবি আদতে ভুল ছিল। শুক্রবার স্বীকার করল খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনকি, সংশোধিত রিপোর্টে ভুল সংশোধন করে এ কথা উল্লেখও করা হয়েছে।

এই বিষয়ে কেন্দ্রের বক্তব্য
এদিকে, গোষ্ঠী সংক্রমণ প্রসঙ্গে স্বাস্থ্য মন্ত্রকের কর্তা লাভ আগরওয়াল বলেছেন, 'ভারত স্টেজ-থ্রি সংক্রমণে ঢুকলে আমরা লুকবো না। প্রকাশ্যে আনব। গোষ্ঠী সংক্রমণ তখনই হবে, যখন ২০ থেকে ৩০ শতাংশ সংক্রমণ এমন পাওয়া যাবে, যেখানে বাহক বা উৎসের কোনও খোঁজ মিলবে না।'

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
এদিকে এই পরিস্থিতিতে ফের একবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা ভাইরাসের সংক্রমণ যে হারে বাড়ছে তা নিয়ে উদ্বিগ্ন তিনি। এই পরিস্থিতিতে আদৌ লকডাউন তুলে নেওয়া উচিত হবে কিনা তা নিয়েও ভাবনাচিন্তা করছেন প্রধানমন্ত্রী।

লকডাউন বাড়ানোর ইঙ্গিত
ইতিমধ্যেই বুধবার সর্বদলীয় বৈঠকে লকডাউনের মেয়াদ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন মোদী। তবে শনিবার দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন মোদী। মনে করা হচ্ছে ওই বৈঠকেই লকডাউনের মেয়াদ বৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।












Click it and Unblock the Notifications