Usha Vance: গোলাপী কোটে নজরকাড়া সেকেন্ড লেডি, ভারতীয় বংশোদ্ভূত উষার পোশাক নিয়ে নেটিজেনদের ‘কাটাছেঁড়া’
Usha Vance: জো বাইডেনের সঙ্গে কমলা হ্যারিস বিদায় নিলেও ট্রাম্পের প্রশাসনে থাকছে ভারত। আমেরিকার প্রথম হিন্দু সেকেন্ড লেডি (Second Lady) উষা ভ্যান্স। সোমবার ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সেইসঙ্গে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও (JD Vance)। সঙ্গে ছিলেন স্ত্রী উষা ভ্যান্স।
উষার বেশভূষায় ছিল গোলাপী রঙের কোট (Pink Coat)। তাতেই সকলের নজর কারলেন সেকেন্ড লেডি। জেডি ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্স ওরফে উষা চিলুকুরি আদতে ভারতীয় বংশোদ্ভূত। অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলার ভাদলুরু তাঁর পৈতৃক গ্রাম। ২০১৪ সালে জেডি ভ্যান্সের সঙ্গে বিয়ে হয় তাঁর।

এদিন ক্যাপিটলে শপথ গ্রহণের অনুষ্ঠানে সিংহভাগ সাদা কালোর মাঝে গোলাপী কোটে লাইমলাইট কেড়ে নিলেন উষা। ২০২৪ এর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প তাঁর ডেপুটি হিসেবে জেডি ভ্যান্সকে বেছে নিতেই খবরের শিরোনামে চলে আসেন উষা ভ্যান্স।
বছর আটত্রিশের উষা ভ্যান্সের জন্ম ও বেড়ে ওঠা অবশ্য আমেরিকার সান দিয়েগোর শহরতলিতেই। ইয়েল ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। আইনে স্নাতক উষা ট্রায়াল বিচারক হিসেবে কাজও করেছেন। এদিন ক্যাপিটলে তাঁর উপস্থিতি নজর কেড়েছে সকলের।
ইতিমধ্যেই ইন্টারনেট জুড়ে গোলাপী কোটে উষার ছবিও শেয়ার করছেন তাঁর অনুরাগীরা। উষাকে কার্যত প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা। দুদিন আগেই শনিবার কালো পোশাকে অবতীর্ণ হয়েছিলেন উষা। তাতেও সকলের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।
আর শপথের অনুষ্ঠানে ফের একবার গোলাপী রঙের কোটে হাজির হলেন। উষার গোলাপী পোশাকের নেপথ্যে থাকতে পারে অনেকগুলি কারণ। ফ্যাশন ডিজাইনারদের মতে, ভারতে গোলাপী রঙের বিভিন্ন শেড সৌন্দর্যের বর্ণনায় ব্যবহার করা হয়। এছাড়াও ভালোবাসা ও উৎসবের আমেজকেও ইঙ্গিত করে গোলাপী রং।
শনিবার ন্যাশনাল আর্ট গ্যালারিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তাঁর স্ত্রী উষা ভ্যান্স একটি নৈশভোজের আয়োজন করেন। কালো ভেলভেটের গাউন পরে সেখানে সামিল হন উষা। গলায় ছিল সরু লকেট। উষার পোশাকের রুচি দেখে সকলে তাঁর প্রশংসা করেন সেদিনও।
উষার পুর্বপুরুষরা অন্ধ্রপ্রদেশের ওই গ্রামেই থাকতেন। তাঁর দাদু পরে চেন্নাইতে পাড়ি দেন। উষার বাবা চিলুকুরি রাধাকৃষ্ণান উচ্চশিক্ষার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন। উষার মা একজন বায়োলজিস্ট। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে রয়েছেন তিনি।
উষার বাবা ছিলেন একজন ইঞ্জিনিয়ার। ইয়েল ল স্কুলে জেডি ভ্যান্স ও উষার আলাপ হয়। পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে দর্শনে স্নাতকোত্তর করেন উষা। ২০১৪ তে কেন্টাকিতে জেডি ভ্যান্সকে বিয়ে করেন উষা।












Click it and Unblock the Notifications