Trump Biden Meet: হোয়াইট হাউসে মুখোমুখি ট্রাম্প-বাইডেন, ক্ষমতার মসৃণ হস্তান্তর নিয়ে আলোচনায় এল যুদ্ধ প্রসঙ্গও
Trump Biden Meet: ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে আমেরিকার মসনদ ছিনিয়ে নিয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। প্রাক্তন প্রেসিডেন্ট ফের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে ফিরতে চলেছেন ক্ষমতায়। তার আগে হোয়াইট হাউসে বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে সাক্ষাৎ ভাবী প্রেসিডেন্ট ট্রাম্পের। ক্ষমতার মসৃণ হস্তান্তর নিয়ে কথা উভয়ের।
২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে (US Presidential Election) হারার পর এই প্রথম ফের হোয়াইট হাউসে জিতে পা রাখলেন ট্রাম্প। আগামী বছরের ২০ জানুয়ারি ক্ষমতার হস্তান্তর নিয়ে ওভাল অফিসে (Oval Office) জো বাইডেনের সঙ্গে বৈঠক সারলেন ট্রাম্প। বৈঠকে স্বাভাবিকভাবেই উঠে এল মধ্যপ্রাচ্য ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রসঙ্গ।

বিদায়ী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলেভান (Jake Sullivan) জানান, আমেরিকার নিরাপত্তার স্বার্থে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন করার পক্ষে সওয়াল করেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন। ইউরোপ শক্তিশালী হলে তবেই আমেরিকার উপর যুদ্ধের আঁচ আসবে না বলেও মন্তব্য করেন বাইডেন।
এদিন ওভাল অফিসের লগ ফায়ারের সামনে বৈঠকে ট্রাম্পকে স্বাগত জানান বাইডেন। ক্ষমতার মসৃণ হস্তান্তর নিয়ে ট্রাম্পকে আশ্বস্ত করেন বাইডেন। পাল্টা বাইডেন বলেন, ক্ষমতার হস্তান্তর যতটা সম্ভব মসৃণ করা যায় তা নিয়ে তিনিও সচেষ্ট হবেন।
আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচারে নেমে একে অপরকে চাঁচাছোলা আক্রমণ করে এসেছেন বাইডেন ও ট্রাম্প। ট্রাম্পকে গণতন্ত্রবিরোধী আখ্যা দিয়েছেন বাইডেন। অপরদিকে বছর একাশির বিদায়ী প্রেসিডেন্টকে জনসভায় বারবার অদক্ষ দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন ট্রাম্প। তবে হোয়াইট হাউসে বুধবারের বৈঠকে ছিল একেবারে উল্টো চিত্র। ক্ষমতার হস্তান্তর নিয়ে খোশমেজাজেই বৈঠক সারলেন দুজনেই।
এদিন ট্রাম্পকে জয়ের শুভেচ্ছা জানান আমেরিকার ফার্স্ট লেডি জিল বাইডেনও (Jill Biden)। প্রাক্তন ফার্স্ট লেডি তথা ট্রাম্প-পত্নী মেলানিয়া ট্রাম্পকে উদ্দেশ্য করে অভিনন্দন পত্র ভাবী প্রেসিডেন্টের হাতে তুলে দেন জিল বাইডেন।
উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনে সাত সুইং স্টেটেই জয়ী হয়েছেন ট্রাম্প। মোট ৩১২টি ইলেকটোরাল ভোট পেয়েছেন তিনি। অন্যদিকে ২২৬টি ইলেকটোরাল ভোট পেয়ে পরাজিত হয়েছেন ডেমোক্র্যাটদের প্রার্থী তথা বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস (Kamala Harris)।












Click it and Unblock the Notifications