ক্যারিবিয়ান সাগরে মাদক বোঝাই সাবমেরিন ধ্বংস আমেরিকার, ২৫ হাজার মানুষের প্রাণ বাঁচানোর দাবি ট্রাম্পের
মাদক নিয়ে যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে যাওয়া একটি সন্দেহভাজন সাবমেরিনকে ক্যারিবিয়ান সাগরে ধ্বংস করেছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য জানিয়েছেন।
ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে বলেছেন, "মাদকের বিশাল একটি সাবমেরিন ধ্বংস করা আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয়, এটি একটি সুপরিচিত মাদক পাচারের রুট ধরে যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছিল।" তিনি আরও যোগ করেন, "মার্কিন গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে যে এই জাহাজে মূলত ফেন্টানাইল এবং অন্যান্য অবৈধ মাদকদ্রব্য বোঝাই ছিল।"

সাবমেরিনটি সম্পর্কে ট্রাম্প সতর্ক করে বলেন, "দুই জঙ্গি নিহত হয়েছে। যদি আমি এই সাবমেরিনকে উপকূলে আসতে দিতাম, তবে কমপক্ষে ২৫ হাজার আমেরিকান মারা যেতেন। বেঁচে থাকা দুই জঙ্গিকে তাদের নিজের দেশ ইকুয়েডর ও কলম্বিয়ায় আটক ও বিচারের জন্য ফেরত পাঠানো হচ্ছে।" তিনি আরও উল্লেখ করেন, "এই হামলায় মার্কিন বাহিনীর কোনও ক্ষতি হয়নি। আমার নজরদারিতে, মার্কিন যুক্তরাষ্ট্র স্থল বা সমুদ্রপথে মাদক পাচারকারী সন্ত্রাসবাদীদের রেয়াত করবে না।"
পেন্টাগন এক্স-এ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে হামলার সাদা-কালো ফুটেজ দেখা গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, আধা-নিমজ্জিত জাহাজটি ঢেউয়ের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, যার সামনের অংশ জলের ঠিক নিচে ডুবে আছে। এরপর বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে, যার মধ্যে একটি জাহাজের পিছনের অংশে আঘাত হানে।
ট্রাম্পের এই ঘোষণার পর, সেপ্টেম্বরের শুরু থেকে সন্দেহভাজন মাদকবাহী জাহাজের বিরুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবিয়ানে মাদক পাচারের সন্দেহভাজন জাহাজে এটি ছিল অন্তত ষষ্ঠ মার্কিন হামলা।












Click it and Unblock the Notifications