US-China Trade Deal: চিনের সঙ্গে বাণিজ্য চুক্তি রফা করে ফেললেন ট্রাম্প, সম্মতি নাকি জিনপিংয়েরও!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জানিয়েছেন, চিনের সঙ্গে তাঁদের চুক্তি হয়েছে যেখানে বেজিং যুক্তরাষ্ট্রকে চুম্বক ধাতু ও বিরল খনিজ সরবরাহ করবে এবং এর বিনিময়ে চিনা শিক্ষার্থীরা আমেরিকার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনার সুযোগ পাবে।
দুই মাসের বেশি সময় ধরে আমেরিকা ও চিনের মধ্যে বড় রকমের শুল্ক যুদ্ধ চলার পরে, ট্রাম্প এদিন দুই দেশের সম্পর্ককে "চমৎকার" বলে বর্ণনা করেছেন।

ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লিখেছেন, "আমরা সব মিলিয়ে ৫৫% শুল্ক পাচ্ছি, চিন পাচ্ছে ১০%।" তবে, মার্কিন প্রেসিডেন্ট এও জানান যে এই চুক্তিটি তাঁর এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভরশীল।
রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউসের এক আধিকারিক বলেছেন, চুক্তি অনুযায়ী আমেরিকা চিনা পণ্যের ওপর ৫৫ শতাংশ শুল্ক ধার্য করবে। এর মধ্যে ১০ শতাংশ 'পারস্পরিক' শুল্ক, ফেন্টানাইল পাচারের জন্য ২০ শতাংশ শুল্ক এবং পূর্বে আরোপিত ২৫ শতাংশ শুল্ক অন্তর্ভুক্ত থাকবে। চিন মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের উপর ১০ শতাংশ শুল্ক ধার্য করবে।
ট্রাম্প আরও বলেন, 'চিন চুম্বক ধাতু এবং প্রয়োজনীয় সমস্ত বিরল খনিজ সরবরাহ করবে। একইভাবে, আমরা যা চুক্তি হয়েছে সেই অনুযায়ী চিনা শিক্ষার্থীদের আমাদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ দেব।'
মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনের আধিকারিকেরা মঙ্গলবার জানান যে তাঁরা তাঁদের স্থগিত হওয়া বাণিজ্য চুক্তিকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে একটি পরিকাঠামোয় সম্মত হয়েছেন। এর মধ্যে চিন বিরল খনিজ উপাদানের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেবে। যদিও এই চুক্তি দুটি দেশের মধ্যেকার বৃহত্তর বাণিজ্য উত্তেজনাগুলির দীর্ঘমেয়াদী সমাধানের সামান্যই ইঙ্গিত।
লন্ডনে দু'দিনের আলোচনার পর মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক এই চুক্তিটিকে গত মাসে জেনেভায় হওয়া প্রাথমিক চুক্তির একটি 'গুরুত্বপূর্ণ পদক্ষেপ' হিসেবে বর্ণনা করেছেন।
চিন নতুন করে কিছু খনিজ দ্রব্যের রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করার পরে জেনেভা চুক্তিটি থমকে গিয়েছিল। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প প্রশাসনও সেমিকন্ডাক্টর ডিজাইন সফটওয়্যার, বিমান এবং অন্যান্য সংবেদনশীল পণ্য রফতানির উপর বিধিনিষেধ আরোপ করে। এখন দেখার এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও মজবুত হয় কিনা।












Click it and Unblock the Notifications