ট্রাম্পের শুল্ক নীতি আপাতত স্থগিত, পাল্টা ৯০ দিনের জন্যে শুল্ক আরোপ স্থগিত করল ইইউ
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের ইস্পাত ও অ্যালুমিনিয়াম রপ্তানির উপর ২৫% শুল্ক আরোপ করার পর, উত্তেজনা ছড়ালেও ইইউ আপাতত পাল্টা শুল্ক আরোপ স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। সূত্র অনুযায়ী, ৯০ দিনের জন্য এই সিদ্ধান্ত কার্যকর থাকবে এবং এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনা চায় ইউরোপ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, ইইউ মার্কিন পণ্যের উপর প্রায় ২১ বিলিয়ন ইউরো (২৩.২ বিলিয়ন ডলার) মূল্যের শুল্ক আরোপের পরিকল্পনা করেছিল, তবে তা স্থগিত রাখা হচ্ছে আলোচনার সুযোগ দিতে। এই ঘোষণার ঠিক কয়েক ঘণ্টা আগে ট্রাম্প নিজেই ৯০ দিনের শুল্ক বিরতি ঘোষণা করেন, যার ফলে ইইউ থেকে আসা বেশিরভাগ পণ্যের উপর শুল্ক ২০% থেকে কমে ১০% করা হয়।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন বলেন, "আমরা এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চাই"। তিনি নিজের X হ্যান্ডেলে এক পোস্টে লেখেন, "যদি আলোচনা আশানুরূপ না হয়, তাহলে আমরা আমাদের পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হব। তবে প্রস্তুতি ইতিমধ্যেই চলছে"।
ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই ইইউ'র গাড়ি ও অটো যন্ত্রাংশের উপর ২৫% শুল্ক আরোপ করেছে। এবার কাঠ, সেমিকন্ডাক্টর চিপস ও ওষুধ পণ্যের উপরও শুল্ক আরোপের কথা ভাবছে। ট্রাম্প বলেন, "ইইউ এমনভাবে তৈরি হয়েছে যেন তারা আমাদের অর্থনীতি ভেঙে দিতে পারে। আমরা সেটা আর হতে দেব না"।
বিশ্ব বাণিজ্য সংস্থার তথ্য অনুসারে, ২০২৩ সালে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যের গড় শুল্ক হার ছিল মাত্র ২.৭%। তবুও ট্রাম্পের অভিযোগ, "তারা এমন নিয়ম তৈরি করে যাতে আমেরিকান পণ্য সেখানে বিক্রি করা না যায়। এটা একেবারে অন্যায্য"।
ইউরোপীয় ইউনিয়নের এই শান্তিপূর্ণ অবস্থান সাময়িক হলেও বিশ্ববাজারে উত্তেজনা কিছুটা প্রশমিত করতে পারে। তবে আলোচনায় অগ্রগতি না হলে দ্বিপাক্ষিক বাণিজ্য যুদ্ধ আরও তীব্র রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে উভয় অর্থনীতির উপরই। আগামী ৯০ দিন এই বাণিজ্য দ্বন্দ্বের মোড় নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে চলেছে।












Click it and Unblock the Notifications