Russia Ukraine War: জেলেনস্কির দুর্ব্যবহারে রেগে আগুন আমেরিকা, ইউক্রেনে সব সাহায্য বন্ধের সিদ্ধান্ত ট্রাম্পের
Russia Ukraine War: রাশিয়ার সঙ্গে শান্তি বৈঠকে (Peace Talk) বসাতে ইউক্রেনের উপর চাপ সৃষ্টি করতে চাইছে আমেরিকা (USA)। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির (Zelensky) সঙ্গে বাগবিতণ্ডার পর এবার বড় সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। সোমবার ইউক্রেনে সমস্ত প্রকার মার্কিন সাহায্য বন্ধের নির্দেশ দিলেন ট্রাম্প।
এব্যাপারে হোয়াইট হাউসের এক আধিকারিক জানান, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জেরে তিন বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইতি টানতে শান্তি প্রতিষ্ঠা করাই লক্ষ্য ট্রাম্পের। আর তাই ইউক্রেনকে শান্তি বৈঠকে বদ্ধপরিকর করতে উদ্যোগী হয়েছেন ট্রাম্প। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিক সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, ইউক্রেনে পরীক্ষামূলকভাবে সবরকম সাহায্য বন্ধ করতে চলেছে আমেরিকা।

ট্রাম্প প্রশাসনের অপর এক আধিকারিক জানান, ইউক্রেনে সবরকম সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ করা হবে। ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির দুর্ব্যবহারের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ওই আধিকারিক এও জানান, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট যদি নতুনভাবে উদ্যোগী হন, তাহলে আমেরিকা নিষেধাজ্ঞা তুলেও নিতে পারে।
ইউক্রেনে ট্যাঙ্ক প্রতিরোধকারী অস্ত্রসমূহ থেকে শুরু করে গোলাবারুদ, রকেট সরবরাহ বন্ধ করল আমেরিকা। গত সপ্তাহেই মার্কিন সফরে গিয়েছিলেন জেলেনস্কি। আশা করা হয়েছিল, ইউক্রেনের খনিজ পদার্থ আহরণে আমেরিকার সঙ্গে চুক্তি করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রথম থেকে কিয়েভকে ১৮০ বিলিয়ন ডলার সাহায্য পাঠিয়েছে ওয়াশিংটন। তারই প্রতিদান হিসেবে ওই চুক্তি স্বাক্ষর করার কথা ছিল।
কিন্তু আমেরিকার সঙ্গে চুক্তি স্বাক্ষর শেষ পর্যন্ত হয়নি। তার কারণ, ট্রাম্পের সঙ্গে দুর্ব্যবহার করায় জেলেনস্কি-সহ ইউক্রেনের প্রতিনিধিদের আগেই ওয়াশিংটন ছাড়তে বলা হয়। রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আমেরিকা যে সাহায্য করেছে, তার জন্য জেলেনস্কি এতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করেননি বলে সূত্রের খবর। তাতেই রুষ্ট হয়েছেন ট্রাম্প ও আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে ইউক্রেনে সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধের সিদ্ধান্ত সাময়িক বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক আধিকারিক।












Click it and Unblock the Notifications