'ভারতের জিরো ট্যারিফের অফার'! পুতিন-জিনপিংয়ের সঙ্গে মোদীর বৈঠকের পরই খবরে থাকতে কী বার্তা ট্রাম্পের?
ঘরে-বাইরে চাপ সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ভারতের বিরুদ্ধে শুল্ক বাড়িয়ে উল্টে নিজেই চাপে পড়া ট্রাম্প ফের আক্রমণকেই হাতিয়ার হিসাবে বেছে নিলেন। তিনি দাবি করেছেন যে, ভারত মার্কিন পণ্যের ওপর থেকে শুল্ক প্রায় শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে। ভারতের উচিত ছিল এই পদক্ষেপ বহু আগেই নেওয়া। এখন অনেকটা দেরি হয়ে গিয়েছে।
ট্রাম্প প্রশাসন ভারতের ওপর ২৫ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপ করেছে এবং রাশিয়ার তেল কেনার জন্য অতিরিক্ত ২৫ শতাংশ কর বসিয়েছে। যার ফলে ভারতের ওপর মোট শুল্ক ৫০ শতাংশে দাঁড়িয়েছে, যা বিশ্বের সর্বোচ্চ শুল্কের মধ্যে অন্যতম। এই নিয়েই শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।

ট্রাম্পের অভিযোগ, রাশিয়া থেকে তেল কিনে ভারত ইউক্রেনে মস্কোর সামরিক আক্রমণকে উৎসাহিত করছে। তবে, তিনি রাশিয়ার ওপর কঠোর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরত ছিলেন। ভারতের তেল কেনার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে, চিন এবং ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে একই মানদণ্ড প্রয়োগ করা হয়নি। এই দেশগুলিও রাশিয়ার অপরিশোধিত তেল এবং রাশিয়ার এলএনজি-র বৃহত্তম আমদানিকারক।
ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "ভারত এখন তাদের শুল্ক শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে। ভারতের উচিত ছিল বহু বছর আগে এটি করা।" এর জবাবে, নতুন দিল্লি জানিয়েছে যে, যেকোনও প্রধান অর্থনীতির মতো তারা তাদের জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন। তার মাঝেই ট্রাম্পের এই মন্তব্য সামনে এল।
এর আগে ফেডারেল সার্কিটের মার্কিন আপিল আদালত গত শুক্রবার রায় দিয়েছে যে ট্রাম্পের অনেক শুল্ক অবৈধ, কারণ সেগুলি আরোপ করার কর্তৃত্ব তাঁর নেই।
ট্রাম্পের শুল্ক আরোপের সর্বশেষ পদক্ষেপ যুক্তরাষ্ট্র-ভারতের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেছে। নতুন দিল্লি এর আগে এই শুল্ককে অন্যায়, অযৌক্তিক এবং ভিত্তিহীন বলে ব্যাখ্যা করেছে। এখন দেখার এই পরস্পর সংঘাত কোথায় গিয়ে ঠেকে।












Click it and Unblock the Notifications