মোদীর আশ্বাসে খুশি ট্রাম্প, রুশ তেল নিয়ে কড়া বার্তা, এবার লক্ষ্য চিন
রুশ তেল কেনা নিয়ে ভারতকে নিয়ে দীর্ঘদিনের অসন্তোষে এবার কিছুটা স্বস্তি পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে আর তেল কিনবে না।
ট্রাম্প বলেন "মোদীজি আমাকে জানিয়েছেন, রাশিয়া থেকে আর তেল কেনা হবে না।" অবশ্যই, বিষয়টা একদিনে সম্ভব নয়, একটা প্রক্রিয়া আছে, তবে খুব শীঘ্রই তা শেষ হবে।"

সাংবাদিক বৈঠকে সাংবাদিকরা প্রশ্ন করেন ভারত কি এখনও যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য মিত্র? হাসতে হাসতে ট্রাম্প জবাব দেন, "অবশ্যই! মোদী আমার বন্ধু। আমাদের সম্পর্ক অসাধারণ। আমি খুশি নই যে ভারত রাশিয়া থেকে তেল কিনছিল, কিন্তু আজ তিনি আমায় আশ্বাস দিয়েছেন-আর তা হবে না। এখন চিনকেও একই পথ ধরতে হবে।"
ওভাল অফিসে এফবিআই প্রধান কাশ প্যাটেলের সঙ্গে যৌথ বৈঠকের সময়ই এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
রুশ তেল আমদানি নিয়ে অতীতে ভারতকে একাধিকবার তিরস্কার করেছিলেন ট্রাম্প। বুধবারও তিনি বলেন, "আমরা সন্তুষ্ট ছিলাম না যে ভারত রাশিয়া থেকে তেল নিচ্ছিল। এতে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে এই অর্থহীন যুদ্ধ চালিয়ে যেতে পারছে। ওরা দেড় মিলিয়নের বেশি মানুষ, অধিকাংশ সৈন্য হারিয়েছে।"
ট্রাম্পের মতে, "এই যুদ্ধ একেবারেই অপ্রয়োজনীয়। এটি কখনও শুরু হওয়া উচিত ছিল না। রাশিয়ার উচিত ছিল প্রথম সপ্তাহেই যুদ্ধ শেষ করা, অথচ এখন তা চতুর্থ বছরে গড়িয়েছে।"
তিনি আরও বলেন, "আমি চাই যুদ্ধ বন্ধ হোক। ভারতের রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করা সেই দিকেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"
মোদির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত মনোনীত সার্জিও গোরের সাম্প্রতিক বৈঠক নিয়েও প্রশংসা করেন ট্রাম্প। তাঁর ভাষায়, "দারুণ আলোচনা হয়েছে। সার্জিও আমাকে বলেছেন, মোদী ট্রাম্পকে ভালোবাসেন। আমি বহু বছর ধরে ভারতকে দেখে আসছি এক অসাধারণ দেশ, যেখানে আগে প্রায়ই নেতৃত্ব বদল হত, কিন্তু মোদী অনেক বছর ধরে দৃঢ়ভাবে নেতৃত্ব দিচ্ছেন।"
পুতিন প্রসঙ্গে ট্রাম্প বলেন, "আমরা শুধু চাই প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনীয় ও রুশ নাগরিকদের হত্যা বন্ধ করুন। জেলেনস্কি ও পুতিনের মধ্যে তীব্র ঘৃণা যুদ্ধ থামাতে বাধা দিচ্ছে। কিন্তু আমি আশাবাদী, আমরা তাদের বোঝাতে পারব। ভারত যদি রাশিয়া থেকে তেল না কেনে, যুদ্ধ শেষ করা অনেক সহজ হবে।"
শেষে ট্রাম্প আবারও স্মরণ করিয়ে দেন , তাঁর প্রশাসনই একসময় ভারত ও পাকিস্তানের সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ ঠেকিয়েছিল। "কয়েক দিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন 'আপনি লক্ষাধিক প্রাণ বাঁচিয়েছেন।' আসলে সেই সময় পরিস্থিতি ছিল ভয়াবহ। ৭ টি বিমান গুলি করে নামানো হয়েছিল। যুদ্ধটা থামানো না গেলে তা ভয়ঙ্কর রূপ নিত," বলে দাবি করেন ট্রাম্প।












Click it and Unblock the Notifications