Iran-Israel: ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের, খামেনেইকে নিয়েও স্পষ্ট বার্তা
ইজরায়েল-ইরান সংঘাতের তীব্রতা বাড়ার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের অবস্থান সম্পর্কে তাঁদের অবগত থাকার দাবি করেছেন। একইসঙ্গে তিনি ইরানকে 'নিঃশর্ত আত্মসমর্পণ' এর আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, 'আপাতত' খামেনেইকে হত্যার কোনও পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের নেই।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি লেখেন, 'আমরা তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন, তা সঠিকভাবেই জানি। তিনি সহজ লক্ষ্য। কিন্তু আপাতত তিনি সেখানে সুরক্ষিত রয়েছেন। আমরা তাঁকে সরাব (হত্যা করব) না। তবে, তিনি সতর্ক করে বলেন, কিন্তু আমরা চাই না সাধারণ নাগরিক বা মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হোক। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।

তার এই মন্তব্যের কিছুক্ষণ পরই ট্রাম্প আর একটি পোস্টে শুধু দুটি শব্দে তাঁর দাবি তুলে ধরেন। 'নিঃশর্ত আত্মসমর্পণ!' একথাই লেখেন ট্রাম্প। এর আগে তিনি বলেন যে, ইরানের আকাশের উপর আমাদের এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।
ঘটনা হল, ইজরায়েল ও ইরানের মধ্যে পাঁচ দিনের সংঘাত আরও তীব্র হয়েছে। তেহরানে ইজরায়েলি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় তেহরানের বাসিন্দাদের অবিলম্বে সরে যেতে বলেছিলেন ট্রাম্প।
কানাডায় জি-৭ সম্মেলন থেকে নিজের সফর সংক্ষিপ্ত করে ওয়াশিংটনে ফিরে আসার পথে ট্রাম্প জানান, তিনি ইজরায়েল-ইরান সংঘাতের একটি বাস্তব সমাপ্তি দেখতে চান, শুধু যুদ্ধবিরতি নয়। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ত্যাগ করার কথাও বলেন।
উল্লেখ্য, ইরান বারবার দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলিও এর আগে মূল্যায়ন করেছে যে তেহরান সক্রিয়ভাবে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে না। তবে ট্রাম্প এসব দাবি প্রত্যাখ্যান করে আসছেন এবং বারবার জোর দিয়ে বলেছেন যে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না।












Click it and Unblock the Notifications