যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে
ইরানের সাথে এক মাসেরও বেশি সময় ধরে চলতে থাকা সামরিক উত্তেজনার মধ্যেই আমেরিকায় এক বড় সিদ্ধান্ত নেওয়া হল। মার্কিন সেনার সর্বাধিনায়ক র্যান্ডি জর্জকে তাঁর পদ ছাড়তে বলেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ তাঁকে সরে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন, যা ঘিরে রাজনৈতিক এবং সামরিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

পেন্টাগনের পক্ষ থেকে পরে আবার একটি বিবৃতি দিয়ে জানানো হয় যে, র্যান্ডি জর্জ 'অবসর' নিচ্ছেন। সেইসঙ্গে এও জানানো হয় যে, এই সিদ্ধান্ত খুব তাড়াতাড়িই কার্যকর করা হচ্ছে। ভবিষ্যৎ জীবনের জন্য তাঁকে শুভেচ্ছাও জানানো হয়েছে। তবে হঠাৎ করে কেন এরকম একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই বিষয়ে স্পষ্ট করে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। সূত্রের খবর অনুসারে, সেনা প্রধান হিসেবে এখনও পর্যন্ত জর্জের মেয়াদ প্রায় দেড় বছর বাকি ছিল। আর সেই মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে তাঁর জায়গা থেকে সরিয়ে দেওয়া নিয়ে উঠছে নানান প্রশ্ন। প্রশাসনের একাংশের মতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া জাতীয় নিরাপত্তা নীতির সাথে র্যান্ডি জর্জের মতভেদই এর অন্যতম একটি কারণ হতে পারে।
তবে উল্লেখযোগ্য বিষয় হল, পিট হেগসেথ প্রতিরক্ষাসচিব হওয়ার পর থেকেই ধারাবাহিক ভাবে সেনাবাহিনীর শীর্ষস্তরগুলিতে রদবদল করে চলেছেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও অ্যাডমিরাল লিসা ফ্র্যানসেট্টি এবং জেনারেল জিম সিলফেকে সরানো হয়েছিল। সেইসঙ্গে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিককেও তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এরকম যুদ্ধকালীন পরিস্থিতিতে সেনা সর্বাধিনায়ক সরানোর সিদ্ধান্তকে নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে। সেইসঙ্গে এই পদক্ষেপের পেছনের আসল কারণটি ঠিক কী হতে পারে তা নিয়ে জল্পনা আরও জোরদার হচ্ছে।












Click it and Unblock the Notifications