Harvard University: ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষের খেসারত! ট্রাম্প প্রশাসনের রোষানলে হার্ভার্ড, বন্ধ অনুদান
Harvard University: ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে নীতিগত বিরোধিতার খেসারত দিতে হবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে। আমেরিকার বিখ্যাত এই শিক্ষা প্রতিষ্ঠানে এবার ২২০ কোটি ডলারের সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ৬ কোটি ডলারের একটি চুক্তিও স্থগিত রাখা হল। প্যালেস্তাইনের সমর্থনকারী পড়ুয়াদের টার্গেট করে মার্কিন প্রশাসনের তরফে একগুচ্ছ নির্দেশিকাও দেওয়া হয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে।
ক্যাম্পাসে প্রতিবাদ থামাতে নারাজ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। পরিবর্তে মার্কিন প্রশাসনের রোষানলে অভিজাত এই শিক্ষা প্রতিষ্ঠান। গাজায় ইজরায়েল ও হামাসের যুদ্ধে আমেরিকার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে প্যালেস্তাইনের সমর্থনে বিক্ষোভ দেখানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এহেন প্রতিবাদ ঠিক নয় বলে মনে করছে ট্রাম্প প্রশাসন। পড়ুয়াদের মনে ইহুদি বিদ্বেষ তৈরি হয়েছে বলে মনে করছে প্রশাসন। আর তাই প্রতিবাদে লক্ষণরেখা টেনে দিল যুক্তরাষ্ট্রের সরকার।

গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের তরফে হার্ভার্ডকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয় একগুচ্ছ নির্দেশিকা ও নিয়ম বদলের সুপারিশ। তাতে বলা হয়, এবার থেকে মেধার ভিত্তিতে ভর্তি ও নিয়োগ থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মীদের দৃষ্টিভঙ্গি নিয়েও মূল্যায়ন করতে হবে। একইসঙ্গে ফেস মাস্ক নিষিদ্ধ করতে হবে। কোনও পড়ুয়া বা নির্দিষ্ট গ্রুপ যদি অপরাধমূলক কাজকর্ম করে, বেআইনিভাবে হিংসা তৈরি করে বা হেনস্থা করে, তাহলে তার জন্য ফান্ডিং বন্ধ করে দেওয়া হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হিসেবে কোনও স্বীকৃতি দেওয়া হবে না তাঁকে।
যদিও হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গার্বার মার্কিন প্রশাসনের চাপানো এই নির্দেশিকার প্রবল বিরোধিতা করেছেন। সোমবার তিনি বলেন, প্রশাসনের এই শর্তাবলী আসলে শিক্ষাব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতা খর্ব করবে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে কীভাবে শিক্ষা দান করা হবে, কাকে নিয়োগ করা হবে, পড়ুয়াকা কী নিয়ে পড়বে, তাতে কোনও সরকার বা রাজনৈতিক দল নাক গলাতে পারে না বলে স্পষ্টতই জানিয়েছেন গার্বার।
তবে শুধু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ই নয়, ট্রাম্প প্রশাসনের ক্যাম্পাস পলিসির নির্দেশিকা এসে পৌঁছেছে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও। প্রশাসনের অভিযোগ, গাজায় যুদ্ধ নিয়ে প্রতিবাদের সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ইহুদি বিদ্বেষ দেখানো হয়েছে। যা নিয়ে কর্তৃপক্ষ কার্যত নজর এড়িয়েছে। যার ফলশ্রুতি হিসেবে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়, ব্রাউন বিশ্ববিদ্যালয়, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়েও কেন্দ্রীয় সহায়তা বন্ধ করে দিয়েছে মার্কিন সরকার। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়কেও নিয়ম বদলের সুপারিশ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে ট্রাম্পের প্রশাসনের তরফ থেকে।












Click it and Unblock the Notifications