India-Bangladesh: রমজানের মাসেও বাংলাদেশিদের মুখে অন্ন জোগাচ্ছে ভারত! জাহাজে করে গেল টন টন চাল
India-Bangladesh: ভারত থেকে আরও চাল নিল বাংলাদেশ। গত কয়েকমাসে লাগাতার ভারত থেকে কয়েক হাজার মেট্রিক টন চাল নিয়েছে বাংলাদেশ। কখনও তা বাংলা হয়ে তো কখনও আবার জাহাজে করে পদ্মাপারে পাঠানো হয়েছে চাল। এমনকী চাহিদা অনুযায়ী কখনও ডাল আবার কখনও পেঁয়াজ সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস পাঠিয়েছে ভারত। জানা যাচ্ছে, ফের একবার সে দেশে চাল পাঠালো ভারত।
এবার ১০ হাজার ৫০০ মেট্রিক টন সেদ্ধ চাল সে দেশে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। সে দেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারত থেকে জাহাজে করে পাঠানো হয় টন টন সেই চাল। ইতিমধ্যে এমভি ভিসিটি ওশান নামে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে গিয়েছে বলে খবর (India-Bangladesh)।

আজ শুক্রবার থেকে ভারত থেকে পাঠানো বিপুল চাল খালাসের প্রক্রিয়া শুরু করবে বাংলাদেশের খাদ্য মন্ত্রক। এমনকী এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা যাচ্ছে। সে দেশের সংবাদমাধ্যমের দাবি, ভারত থেকে বিপুল চাল রমজানের মাসে সে দেশের মানুষকে কিছুটা স্বস্তি দেবে। বাজারে বিপুল দাম অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলেও মনে করা হচ্ছে।
এই বিষয়ে বাংলাদেশের খাদ্যমন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই অনুযায়ী আন্তর্জাতিক উন্মুক্ত টেন্ডারের (প্যাকেজ-০৩) আওতায় ১০ হাজার ৫০০ মেট্রিক টন সেদ্ধ চাল বাংলাদেশে পাঠিয়েছে ভারত। পণ্য খালাস কার্যক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
বলে রাখা প্রয়োজন, শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে বেশ কয়েকমাস কেটে গিয়েছে। মহম্মদ ইউনূসের হাত ধরে সে দেশের মসনদে অন্তবর্তী সরকার গঠন করা হয়েছে। কিন্তু অন্তবর্তী সরকার তৈরি হলেও কোনও নিয়ন্ত্রণ নেই সে দেশের উপর। লাগাতার সমস্ত জিনিসের দাম বাড়ছে।
রমজানের মাসেও সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া। চাল, আলু থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম হু হু করে বাড়ছে বাংলাদেশের বাজারে বাজারে। ক্রেতাদের অভিযোগ, বাজার দরের উপর কোনও নিয়ন্ত্রণ নেই ইউনূস সরকারেরর। ফলে মানুষের ক্ষোভ তীব্র হচ্ছে সে দেশে। এই অবস্থায় ফের একবার মুশকিল আসান ভারতও। মাঝে মায়ানমার সহ একাধিক দেশ থেকে চাল কিনেছেন সে দেশের অন্তবর্তী সরকার। এমনকী পাকিস্তান থেকেও চাল আসছে। কিন্তু তাতেও বাজার দর নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি বলেই দাবি সে দেশের সংবাদমাধ্যমের।












Click it and Unblock the Notifications