Trump Assassination Attempt: ফের ডোনাল্ড ট্রাম্পকে খুনের চেষ্টা! সভাস্থলে যাওয়ার পথে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ১
Trump Assassination Attempt: এই নিয়ে তিনবার। ফের প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) হত্যার চেষ্টা (Assassination Attempt)। আগ্নেয়াস্ত্র-সহ এক আততায়ীকে গ্রেফতার পুলিশের। শনিবার ক্যালিফোর্নিয়ার কোচেলা উপত্যকার (Coachella rally) ট্রাম্পের নির্বাচনী জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন ওই অভিযুক্ত। সভাস্থলের প্রায় এক মাইল আগেই তাকে ধরে ফেলে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নেভাদা রাজ্যের লাস ভেগাসের বাসিন্দা ওই অভিযুক্তের নাম ভেম মিলার (Vem Miller)। যদিও নিজেকে ট্রাম্প সমর্থক ও একজন শিল্পী বলে পরিচয় দিয়েছে অভিযুক্ত। সভাস্থল থেকে প্রায় ১ মাইল আগে পুলিশের চোখে ধুলো দিয়ে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করে মিলারের কালো রঙের এসইউভি। ভুয়ো ভিআইপি কার্ড ও সংবাদমাধ্যমের পরিচয় দিয়ে চেকপোস্ট টপকানোর চেষ্টা করে বলে অভিযোগ।

সন্দেহ হওয়ায় তখনই গাড়িটিকে আটকায় পুলিশ। গাড়িতে লাগানো নম্বর প্লেটও ভুয়ো বলে জানায় পুলিশ। বিকেল পাঁচটা নাগাদ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তের একাধিক ভুয়ো নামে ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট রয়েছে। গাড়ি থেকে তল্লাশি চালিয়ে একটি কার্তুজ ভরা হ্যান্ডগান, শটগান ও উচ্চমানের ম্যাগজিন উদ্ধার করেছেন তদন্তকারীরা।
কোচেল্লার সভায় বুলেটপ্রুফ কাঁচের ভেতর থেকে বক্তৃতা রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে হামলা চালাতেই উচ্চমানের আগ্নেয়াস্ত্র নিয়ে ওই অভিযুক্ত এগোচ্ছিল বলে দাবি পুলিশের। ইতিমধ্যেই তদন্তে নেমে মিলারের পরিচয় জানতে পেরেছে পুলিশ। ওই অভিযুক্ত আমেরিকার সরকার বিরোধী উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত বলে জানতে পেরেছে পুলিশ।
তদন্তকারীরা জানান, ৪৯ বছর বয়সী মিলার সোভারিন সিটিজেন নামক উগ্রপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত। ক্ষমতাসীন সরকারের সমস্ত কিছুর বিরোধিতা করাই এদের কাজ। মিলার একজন উন্মাদ ও বিচ্ছিন্নতাবাদী বলে জানিয়েছে পুলিশ। মিলারকে আগামী জানুয়ারিতে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের জনসভা ঘিরে ছিল কড়া নিরাপত্তার ঘেরাটোপ। একাধিক নিরাপত্তার জাল পেরিয়ে তবেই ভিআইপি টিকিট থাকা ব্যক্তিদের ও সংবাদমাধ্যমের কর্মীদের ভেতরে যাওয়ার অনুমতি দেয় পুলিশ। একটি বড় ময়দানে গাড়িতে করে সভায় আসা ভিআইপিদের গাড়ির হুড ও ট্রাঙ্ক খুলে তল্লাশিও চালাতে দেখা যায় পুলিশের শীর্ষ আধিকারিকদের। অপরদিকে সাধারণ মানুষকে আটকানো হয় তিন মাইল আগেই। সেখানে তাদের চেকিংয়ের পর বাসে করে আনা হয় সভাস্থলে।
প্রসঙ্গত, জুলাইয়ের ১৩ তারিখ পেনসিলভেনিয়ার সভায় ট্রাম্পকে লক্ষ্য় করে গুলি চালায় ম্যাথিউ ক্রুকস নামে এক আততায়ী। অভিযুক্তকে মেরে ফেলে সিক্রেট সার্ভিস। এরপর ফের সেপ্টেম্বরে গলফ কোর্সে ট্রাম্পকে হত্যার চেষ্টার দায়ে গ্রেফতার করা রায়ান ওয়েসলে রাউথ নামে এক অভিযুক্তকে।












Click it and Unblock the Notifications