‘আমরা যে নৈরাজ্য দেখছি, তা আমাদের নিজেদের সৃষ্টি’, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে চিন্তিত খোদ সেনাপ্রধান!
বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন যে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক দ্বন্দ্ব দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এক সামরিক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় জেনারেল জামান বলেন, "আমরা যে নৈরাজ্য দেখছি, তা আমাদের নিজেদের সৃষ্টি"। তিনি দেশের পুলিশ বাহিনীর অদক্ষতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জানান যে সিনিয়র থেকে জুনিয়র কর্মকর্তারা প্রায় সকলেই ভীতসন্ত্রস্ত অবস্থায় রয়েছেন।

- আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন
সেনাপ্রধান আরও বলেন, "যেহেতু স্টেকহোল্ডাররা একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত, তাই দুর্বৃত্তরা পরিস্থিতির সুযোগ নিচ্ছে"। তিনি সতর্ক করেন যে সমাজে ক্রমবর্ধমান অভ্যন্তরীণ কোন্দল এবং বিভক্তির ফলে বাংলাদেশ বিপদের মুখে পড়তে পারে।
তিনি জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, "যদি আমরা আমাদের মতপার্থক্য দূর করতে না পারি এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব চালিয়ে যাই, তাহলে দেশের স্বাধীনতা ও অখণ্ডতা ঝুঁকির মুখে পড়বে"।
- সাম্প্রতিক হিংসা ও অভিযান
বাংলাদেশে সাম্প্রতিক মাসগুলোতে হিংসা, ভাঙচুর, দাঙ্গা এবং অপরাধমূলক কার্যকলাপ বেড়েছে। ফেব্রুয়ারি মাসে দেশের পরিস্থিতি এতটাই চরমে পৌঁছায় যে আইনশৃঙ্খলা বাহিনী 'অপারেশন ডেভিল হান্ট' নামে একটি অভিযান পরিচালনা করতে বাধ্য হয়। এই অভিযানে তিন সপ্তাহেরও কম সময়ের মধ্যে প্রায় ৮,৬০০ জনকে গ্রেপ্তার করা হয়।
- নতুন রাজনৈতিক দলের আগমন ও রাজনৈতিক অস্থিরতা
২৮শে ফেব্রুয়ারি নতুন একটি রাজনৈতিক দলের উদ্বোধনের আগে, ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। তিনি টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অন্যদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনূস আশ্বাস দিয়েছেন যে ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ সালের প্রথম দিকে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই প্রসঙ্গে সেনাপ্রধান জনগণকে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করার আহ্বান জানিয়ে বলেন, "অধ্যাপক ইউনূস আমাদের ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করছেন। আসুন আমরা তাকে সহায়তা করি"। তবে সেনাপ্রধান যে দুশ্চিন্তার কথা উল্লেখ করেছেন, তা বাংলাদেশের পরিস্থিতিকে আরও একবার জটিল করে তুলল বলেই মনে করছেন অনেকে।












Click it and Unblock the Notifications