ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের
পশ্চিম এশিয়ার অস্থিরতার আবহে ইরানকে কেন্দ্র করে জারি সামরিক উত্তেজনা নতুন মোড় নিচ্ছে। টানা ১৭ দিনের সংঘর্ষের মধ্যেই সরে যাওয়ার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে স্পষ্ট করেছেন, এই মুহূর্তে ইরানের উপর হামলা বন্ধ করছে না মার্কিন বাহিনী।
মঙ্গলবার ট্রাম্প জানান, "খুব শীঘ্রই আমরা সেখান থেকে সরে যাব।" এই মন্তব্যে যেমন সম্ভাব্য পরিস্থিতি পরিবর্তনের আভাস মিলেছে, তেমনই যুদ্ধবিরতির বিষয়ে অনিশ্চয়তাও থেকেই যাচ্ছে।
এদিকে, হরমুজ প্রণালীর নিরাপত্তা ইস্যুতে সামরিক জোট ন্যাটোর ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন ট্রাম্প। তাঁর অভিযোগ, এই গুরুত্বপূর্ণ জলপথ উন্মুক্ত রাখতে আমেরিকাকে সহায়তা না করা ন্যাটোর বড় ভুল। যদিও পরক্ষণেই তিনি বলেন, ওয়াশিংটনের একার পক্ষেই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ন্যাটোকে একমুখী বলে কটাক্ষ করে ট্রাম্প লেখেন, আমেরিকা প্রতিবছর বিপুল অর্থ ব্যয় করেও প্রত্যাশিত সহযোগিতা পায় না।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইজরায়েল। তাঁদের দাবি, অভিযানের লক্ষ্য ছিল ইরানের শীর্ষ নেতৃত্ব, যার মধ্যে রয়েছেন সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরপর দ্রুতই পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন বাহিনীও অভিযানে যোগ দেয়।
যুদ্ধের শুরু থেকে একাধিকবার অবস্থান বদলাতে দেখা গিয়েছে ট্রাম্পকে। কখনও দীর্ঘমেয়াদি অভিযানের ইঙ্গিত, আবার কখনও দ্রুত সমাপ্তির বার্তা এই দদুই অবস্থানই এখন আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রে।
বর্তমানে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে নিশ্চিতভাবেই বলা যায়, ইরানকে ঘিরে এই সংঘাত বিশ্ব রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে চলেছে।












Click it and Unblock the Notifications