মানবিকতার নজির শ্রীলঙ্কার, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের এক মাসের বিনামূল্যে ভিসা
ভারত মহাসাগরের উত্তাল পরিস্থিতির মধ্যেই মানবিকতার বার্তা দিল শ্রীলঙ্কা। সমুদ্রে বিপদের মুখে পড়ে উদ্ধার হওয়া ইরানি নাবিকদের জন্য এক মাসের বিনামূল্যে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলম্বো। শ্রীলঙ্কা সরকারের এই পদক্ষেপকে মানবিক উদ্যোগ হিসেবেই ব্যাখ্যা করা হয়েছে।
শ্রীলঙ্কার মন্ত্রী আনন্দ উইজেপালা জানিয়েছেন, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের এক মাসের জন্য বিনামূল্যে ভিসা দেওয়া হবে। প্রয়োজনে ভবিষ্যতেও এমন মানবিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন। তাঁর কথায়, "এই বিষয়ে আমরা কোনও পক্ষ নিচ্ছি না। আন্তর্জাতিক আইন মেনেই মানবিকতার ভিত্তিতে আমরা কাজ করে যাব।" তবে উদ্ধার হওয়া নাবিকদের কবে ইরানে ফেরত পাঠানো হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি শ্রীলঙ্কা।

ওই ইরানি নাবিকদের ইরানে ফেরত না পাঠানোর জন্য শ্রীলঙ্কার উপর চাপ সৃষ্টি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন বিদেশ দপ্তরের একটি অভ্যন্তরীণ নথির ভিত্তিতে এই তথ্য সামনে এসেছে বলে জানানো হয়েছে।
ঘটনার সূত্রপাত সম্প্রতি শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছে। সেখানে ইরানের একটি যুদ্ধজাহাজের উপর হামলা চালায় মার্কিন বাহিনী। মার্কিন ডুবোজাহাজ থেকে ছোড়া টর্পেডোর আঘাতে ডুবে যায় ইরানের রণতরীটি। জানা গেছে, জাহাজটি ভারতে অনুষ্ঠিত এক নৌ মহড়ায় অংশ নিয়ে ফেরার পথে ভারত মহাসাগরে এই হামলার মুখে পড়ে।
ডুবে যাওয়া ওই রণতরী থেকে ৩২ জন নাবিককে জীবিত উদ্ধার করে শ্রীলঙ্কা। উদ্ধার হওয়ার পর তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে আহত নাবিকদের মধ্যে ২২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন, যদিও এখনও ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনার পর আরও একটি ইরানি রণতরী থেকে নাবিকদের উদ্ধার করে শ্রীলঙ্কা। যান্ত্রিক ত্রুটির কারণে সমুদ্রে বিপদে পড়েছিল জাহাজটি। সেখান থেকেও ১৮৬ জন নাবিককে নিরাপদে শ্রীলঙ্কায় নিয়ে আসা হয়।
দুই রণতরী থেকে উদ্ধার হওয়া নাবিকদেরই আপাতত শ্রীলঙ্কায় রাখা হয়েছে। মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে তাঁদের নিরাপত্তা ও চিকিৎসার ব্যবস্থা করেছে কলম্বো সরকার।












Click it and Unblock the Notifications