South Korea Plane Crash: ভয়াবহ বিমান দুর্ঘটনা! ২ জন বাদে মৃত্যু সব যাত্রীর, নেপথ্যে কোন কারণ?
South Korea Plane Crash: ভয়াবহ বিমান দুর্ঘটনা দক্ষিণ কোরিয়ায়। অবতরণের সময় রানওয়ে অতিক্রান্ত করে বিমানবন্দরের পাঁচিলে গিয়ে ধাক্কা। সংঘর্ষের জেরে দাউ দাউ আগুন বিমানে। ১৮১ জন যাত্রীর মধ্যে ১৭৯ জনই মৃত বলে জানা গিয়েছে। মাত্র ২ জনে বেঁচে ফিরলেন অভিশপ্ত বিমান থেকে। ঠিক কীভাবে ঘটল এমন বিশাল দুর্ঘটনা, ভিডিয়োয় ধরা পড়েছে সেই ভয়ানক মুহূর্ত।
থাইল্যান্ডের ব্যাঙ্কক থেকে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছিল বিমানটি। রানওয়েতেই ঘষতে শুরু করে বিমানের নিচের অংশ। রানওয়ের সঙ্গে ঘর্ষণের ফলে আগুন ধরে যায় বিমানের পেটের অংশে। গিয়ারে ত্রুটি ধরা পড়ায় স্বাভাবিক অবতরণ সম্ভব হচ্ছিল না। সেকারণেই বেলি ল্যান্ডিয়ের (Belly Landing) চেষ্টা করেছিলেন পাইলট।

অন্যদিকে প্রাথমিক রিপোর্টে দাবি, পাখির সঙ্গে ধাক্কার (Collision with Bird) জেরে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে। পাখির সঙ্গে ধাক্কার জেরেই অবতরণে ত্রুটি ধরা পড়ে বলে অনুমান রিপোর্টে। প্রত্যক্ষদর্শীদের মতে বিমানের ল্যান্ডিং গিয়ার ঠিকমতো কাজ করেনি। অবতরণের সময় টায়ারও সঠিকভাবে কাজ করেনি। সেকারণেই দুর্ঘটনার মুখে পড়তে হয় বিমানটিকে।
যদিও বিমান চালকের গাফিলতির অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় নানান প্রশ্ন তুলেছেন নেটিজেন থেকে শুরু করে অবসরপ্রাপ্ত বিমানচালকরা। তিন কিলোমিটারেরও কম দীর্ঘ রানওয়েতে প্রয়োজনের তুলনায় বেশি বেগে অবতরণের চেষ্টা করা হয়েছিল বলে দাবি। বেলি ল্যান্ডিংয়ের পরিকল্পনা আগে থেকেই হয়ে থাকলে দমকল বাহিনী কেন প্রস্তুত ছিল না সেই প্রশ্নও তুলেছেন অনেকে।
অবতরণের আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে অনেক সময়েই বিমানবন্দরের উপরে চক্কর কাটতে থাকে বিমান। এক্ষেত্রে বেলি ল্যান্ডিয়ের আগে শেষ প্রচেষ্টা হিসেবে কেন চক্কর কাটল না বিমান, কেন সেসময়ের মধ্যে অবতরণের উপায় খোঁজা হল না, সেই প্রশ্নও তুলেছেন একাংশ। অন্যদিকে, মুয়ান দমকল বাহিনীর প্রধান লি জিয়ং হুয়ানের দাবি, পাখির ধাক্কা তো লেগেছিলই, উপরন্তু আবহাওয়াও খারাপ ছিল।
১৮১ জনের মধ্যে বিমানটিতে ১৭৫ জন সাধারণ যাত্রী ও ৬ জন ক্রু সদস্য বা বিমানকর্মী ছিলেন বলে জানা গিয়েছে। দক্ষিণ কোরিয়ার দক্ষিণ জেওলা প্রদেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দর মুয়ান। উপকূলে অবস্থিত ওই বিমানবন্দরে সকাল ৯টা ৭ মিনিট নাগাদ দুর্ঘটনা ঘটে।












Click it and Unblock the Notifications