Russia Ukraine War: মিথ্যে বলে রাশিয়ায় যুদ্ধে পাঠিয়ে সেনাদের মরতে বাধ্য করছে উত্তর কোরিয়া!
North Korean Soldiers: রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ (Russia Ukraine War) লড়তে গিয়ে উত্তর কোরিয়ার কমপক্ষে ৩০০ জন জওয়ান প্রাণ হারিয়েছেন। এমনই বিস্ফোরক দাবি করলেন দক্ষিণ কোরিয়ার (South Korea) এক আইনপ্রণেতা।
লি সিয়ং কুয়েন নামে ওই কর্তা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের (Seoul) গোয়েন্দা সার্ভিসের তথ্য উল্লেখ করে জানান, উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে বন্দি (Captive) হওয়া থেকে বাঁচতে নাকি আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে।

সংবাদসংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে লি জানান, উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে রাশিয়ায় কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছিল। সেখানেই প্রায় ৩০০০ জওয়ান হতাহত হয়েছেন। প্রায় ৩০০ জন জওয়ান মারা গিয়েছেন। আহত হয়েছেন প্রায় ২ হাজার ৭০০ জওয়ান।
শুধু তাই নয়, মৃত জওয়ানদের শরীরে লেখা মেমো থেকে জানা গিয়েছে, বন্দিদশা এড়াতে উত্তর কোরিয়ার কিম জং উনের (Kim Jong Un) সরকার তাদের সেনাদের আত্মহত্যা করতে বাধ্য করেছে বলে দাবি দক্ষিণ কোরিয়ার।
দক্ষিণ কোরিয়ার আরও দাবি, উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়াং-এ পারমাণবিক অস্ত্রশস্ত্র ও স্যাটেলাইট প্রোগ্রামে রাশিয়ার সহায়তার বিনিময়ে প্রায় ১০ হাজার সেনাকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পুতিনের দেশে পাঠিয়েছে কিমের সরকার। যদিও সেই সমস্ত সেনা আন্তর্জাতিক সীমানায় যুদ্ধের জন্য একেবারেই পারদর্শী নয়। আর যার জেরেই যুদ্ধে লিপ্ত হয়ে তারা প্রাণ হারাচ্ছেন।
সম্প্রতি উত্তর কোরিয়ার দুই সেনা জওয়ানকে ধরে ফেলে ইউক্রেন (Ukraine)। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Zelensky) একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছিলেন সে কথা। রাশিয়ায় বন্দি ইউক্রেনের সেনাদের ফেরানো হলে তবেই উত্তর কোরিয়ার সেনাদের ফেরানো হবে বলে সাফ জানান জেলেনস্কি। রাশিয়ার সেনাবাহিনী অন্য দেশের সেনার উপর নির্ভরশীল বলেও কটাক্ষ করেন তিনি।
জেলেনস্কির পোস্ট করা ভিডিয়োতে উত্তর কোরিয়ার সেনাদের স্বীকারোক্তি থেকেও বিস্ফোরক তথ্য জানা গিয়েছে। সেনাদের যুদ্ধে লিপ্ত করার কথা না জানিয়ে প্রশিক্ষণে পাঠানোর কথা বলেছিল উত্তর কোরিয়া। শুধুমাত্র নিজেদের কূটনৈতিক ফায়দা কায়েম করতে হাজার হাজার নিরীহ সেনাকে বলিদান দিতে বাধ্য করেছে উত্তর কোরিয়ার কিমের সরকার। এমনটাই দাবি ইউক্রেনের।
যদিও উত্তর কোরিয়ার সেনাদের ইউক্রেনের বিরুদ্ধে লড়তে পাঠানোর কথা পুতিন ও কিমের সরকারের কেউই স্বীকার করেনি। কিন্তু ২০২২ সালে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়া থেকেই উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সহাবস্থান জোরদার করেছে রাশিয়া।
কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়ার সেনাদের যাতে না শনাক্ত করা যায়, তার জন্য তাদের মুখও পুড়িয়ে দেওয়া হত বলে এর আগে বিস্ফোরক দাবি তুলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। আর এবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনল দক্ষিণ কোরিয়া।












Click it and Unblock the Notifications