দক্ষিণ আফ্রিকায় ফের রক্তাক্ত হিংসা, বন্দুকবাজের গুলিতে নিহত অন্তত ৯
দক্ষিণ আফ্রিকায় ফের গুলি কাণ্ডের ঘটনা ঘিরে আতঙ্ক ছড়াল। জোহানেসবার্গের উপকণ্ঠে এক টাউনশিপ এলাকায় বন্দুকবাজের হামলায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ১০ জন। রবিবার স্থানীয় পুলিশ সূত্রে এই তথ্য জানানো হয়েছে। চলতি মাসে দেশে এটি দ্বিতীয় বড় গণগুলির ঘটনা বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, জোহানেসবার্গ থেকে প্রায় ২৫ মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত বেকার্সডাল এলাকায় এই হামলা ঘটে। হামলার পিছনে ঠিক কী উদ্দেশ্য ছিল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক বিবৃতিতে বলা হয়েছে, অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা রাস্তায় চলাচলকারী কয়েকজন সাধারণ মানুষকেও এলোপাথাড়ি গুলি চালিয়ে আহত করেন।

গৌতেং প্রদেশ পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিদিলি জানান, "এই ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় ও বিস্তারিত তথ্য এখনও সংগ্রহ করা হচ্ছে।"
সূত্রের খবর, বেকার্সডালের একটি ট্যাভার্ন বা অবৈধভাবে মদ বিক্রি হওয়া একটি পানশালার কাছেই এই ভয়াবহ গুলির ঘটনা ঘটে। এলাকাটি দক্ষিণ আফ্রিকার অন্যতম প্রধান স্বর্ণখনির নিকটবর্তী একটি দরিদ্র জনপদ। হামলায় আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের ৬ ডিসেম্বর রাজধানী প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলে বন্দুকবাজদের হামলায় তিন বছরের এক শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছিল। একের পর এক এমন ঘটনার জেরে দেশে আইনশৃঙ্খলা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে।












Click it and Unblock the Notifications