Shubhanshu Shukla: মহাকাশ থেকে ভারতকে কেমন দেখতে লাগে? প্রধানমন্ত্রী মোদীকে অভিজ্ঞতা জানালেন শুভাংশু শুক্লা
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম ভারতীয় মহাকাশচারী হিসাবে পা রাখা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এদিন শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথোপকথন করেন। সেখানে তিনি জানিয়েছেন, মানচিত্রে ভারতকে যতটা বড় দেখায়, মহাকাশ থেকে দেখলে তা আরও বড় এবং বিশাল লাগে। ১৯৮৪ সালে রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশে গিয়েছেন শুভাংশু।
শুভাংশু অ্যাক্সিওম-৪ মিশনের পাইলট হিসাবে মহাকাশে গিয়েছেন। ইতিহাস গড়ার জন্য শুভাংশুর প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদী বলেন, মহাকাশচারী হিসাবে তিনি মাতৃভূমি থেকে অনেক দূরে থাকলেও, তিনি প্রত্যেক ভারতবাসীর হৃদয়ের খুব কাছে রয়েছেন। প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়ে আরও বলেন, আপনার নামের মধ্যেও শুভ রয়েছে এবং আপনার যাত্রা আমাদের দেশের যুবকদের জন্য একটি নতুন এবং আশাব্যঞ্জক শুরু। ১৪০ কোটি ভারতবাসীর অনুভূতি আপনার সঙ্গে যুক্ত। আমি এখানে প্রতিটি ভারতীয়র উত্তেজনা, গর্ব এবং আশা নিয়ে প্রতিনিধিত্ব করছি। আপনি আমাদের জাতীয় পতাকা মহাকাশে নিয়ে গিয়েছেন। আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আপনার মিশনের জন্য শুভকামনা জানাই।

প্রধানমন্ত্রীর শুভেচ্ছার পর শুভাংশু জানান, তিনি মহাকাশ স্টেশনে নিরাপদে রয়েছেন এবং ভালো রয়েছেন। তিনি মহাকাশে ভারতকে প্রতিনিধিত্ব করতে পেরে অত্যন্ত আনন্দিত। এটি একটি সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। পৃথিবী থেকে এই যাত্রা শুধু আমার একার নয়, এটি পুরো দেশের যাত্রা।
মহাকাশ থেকে পৃথিবীকে কেমন লাগে? এই বিষয়ে শুভাংশু শুক্লা প্রধানমন্ত্রী মোদীকে জানান, তিনি পৃথিবীকে একটি সম্পূর্ণ গ্রহ হিসেবে দেখেছেন। সেখানে কোনও সীমানা দেখা যায় না। তিনি বলেন, 'যখন আমরা প্রথমবার ভারতকে দেখি, তখন দেখি যে ভারত সত্যিই বিশাল, খুব বড়, আসলে মানচিত্রে আমরা যা দেখি তার থেকেও অনেক বড়। মহাকাশ থেকে পৃথিবীকে দেখলে মনে হয় যেন কোনও সীমান্ত নেই, কোনও রাজ্য নেই, কোনও দেশ নেই। আমরা সবাই মানবতার অংশ। পৃথিবী আমাদের একটাই বাড়ি এবং আমরা সবাই এতে বাস করি।
I had a wonderful conversation with Group Captain Shubhanshu Shukla as he shared his experiences from the International Space Station. Watch the special interaction! https://t.co/MoMR5ozRRA
— Narendra Modi (@narendramodi) June 28, 2025
শুভাংশুরা মহাকাশের পরিস্থিতি এবং তিনি কীভাবে এর সঙ্গে মানিয়ে নিচ্ছেন সে সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী মোদী। এর উত্তরে শুক্লা জানান যে ঘুমানো একটি বড় চ্যালেঞ্জ এবং মাধ্যাকর্ষণহীন পরিবেশে অভ্যস্ত হতে কিছুটা সময় লাগে।
প্রসঙ্গত, অ্যাক্সিওম-৪ দলটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দুই সপ্তাহ কাটাবে। সেখানে তাঁরা ৬০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা ও শিক্ষামূলক প্রচার চালাবে। ভারতের মানব মহাকাশ অভিযানের ক্ষেত্রেও শুভাংশুর অভিযান বড় ভূমিকা পালন করবে।












Click it and Unblock the Notifications