পৃথিবীর থেকে ১২৪ আলোকবর্ষ দূরে মিলল প্রাণের সন্ধান, K2-18b দিতে চলেছে এবার অভিনব সাফল্যের খোঁজ
জ্যোতির্বিজ্ঞানে এক যুগান্তকারী আবিষ্কার - গবেষকরা জানাচ্ছেন, পৃথিবী থেকে ১২৪ আলোকবর্ষ দূরে অবস্থিত K2-18b নামে একটি বহির্গ্রহে প্রাণের সবচেয়ে জোরালো প্রমাণ পাওয়া গেছে। এই আবিষ্কার ভবিষ্যতের মানবসভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সাফল্য হিসেবেই ধরা হচ্ছে।
বিশেষজ্ঞদের দাবি, K2-18b-এর বায়ুমণ্ডলে ডাইমিথাইল সালফাইড (DMS) এবং ডাইমিথাইল ডাইসালফাইড (DMDS) গ্যাসের অস্তিত্ব ধরা পড়েছে। পৃথিবীতে এই গ্যাস দুটি কেবল অণুবীক্ষণিক সামুদ্রিক শৈবাল দ্বারাই তৈরি হয়, অর্থাৎ জীবিত জীবের উপস্থিতি ছাড়া এর উৎপত্তি সম্ভব নয়।

এই গ্রহটি রয়েছে তথাকথিত "গোল্ডিলকস জোন"-এ, যেখানে তরল জল থাকার জন্য উপযুক্ত তাপমাত্রা ও পরিবেশ থাকে। আগেই এই গ্রহে মিথেন ও কার্বন ডাই অক্সাইড পাওয়া গিয়েছিল, যা জীবনের জন্য প্রয়োজনীয় রাসায়নিক চিহ্ন হিসেবে ধরা হয়। সে কারণেই এই গ্রহকে একটি সম্ভাব্য "হাইসিয়ান" পৃথিবী বলা হচ্ছিল - অর্থাৎ হাইড্রোজেন-সমৃদ্ধ বায়ুমণ্ডল ও সমুদ্রসম্ভাব্য গ্রহ।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক নিক্কু মধুসূধন এই প্রসঙ্গে বলেন, "এই গ্রহ সম্পর্কে আমাদের হাতে থাকা সব তথ্য বিচার করলে, এটি এমন এক জগত হতে পারে যেখানে একটি জীবন্ত মহাসাগর রয়েছে। কয়েক দশক পরে হয়তো আমরা এই সময়ের দিকেই ফিরে তাকাব, যখন বুঝতে পারব - আমরা হয়তো মহাবিশ্বে একা নই"।
বর্তমানে বিজ্ঞানীরা ৯৯.৭% নিশ্চিত যে এই গ্রহে প্রাণ রয়েছে। তারা বলছেন, আরও ২৪ ঘণ্টার ফলো-আপ পর্যবেক্ষণ চালালেই নিশ্চয়তা বেড়ে ৯৯.৯৯৪%-এ পৌঁছে যাবে। যদি এই পর্যায়ে নিশ্চিত হওয়া যায়, তবে এটি হবে মানব ইতিহাসের অন্যতম বড় বৈজ্ঞানিক আবিষ্কার।
এছাড়াও বিজ্ঞানীরা আরেকটি গ্রহ HD 20794 d-কে সম্ভাব্য জীবন-সহায়ক গ্রহ হিসেবে চিহ্নিত করেছেন, যেটি পৃথিবী থেকে মাত্র ২০ আলোকবর্ষ দূরে অবস্থিত। ধারণা করা হচ্ছে, সেখানে জল থাকতে পারে।
বর্তমানে একাধিক গবেষণা বলছে, আমাদের ছায়াপথের প্রায় প্রতিটি নক্ষত্রেরই একটি করে গ্রহ ব্যবস্থা রয়েছে, যা প্রাণের অস্তিত্ব অনুসন্ধানে এক নতুন আশার আলো জাগায়। এই আবিষ্কার মানবসভ্যতাকে কেবল বৈজ্ঞানিকভাবেই নয়, অস্তিত্বের দিক থেকেও এক গভীর প্রশ্নের মুখোমুখি দাঁড় করায় - আমরা কি সত্যিই একা? এই প্রশ্নের উত্তর হয়তো খুব শিগগিরই আমরা পেতে চলেছি।












Click it and Unblock the Notifications