রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় ভারত ছাড়া কোন কোন দেশ হতে পারে মধ্যস্থতাকারী, বড় ঘোষণা পুতিনের
ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে বড় বিবৃতি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সম্ভাব্য শান্তি আলোচনায় ভারত ছাড়াও চিন ও ব্রাজিল মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে পারে। ইস্টার্ন ইকনোমিক ফোরামে পুতিন এই কথা বলেছেন।
পুতিন বলেন, রাশিয়া তাদের বন্ধুদের, অংশীদারদের সম্মান করে। দ্বন্দ্ব সম্পর্কিত সব সমস্যা সমাধানে আগ্রহী রাশিয়া। এর জন্য রাশিয়া চিন, ব্রাজিল ও ভারতের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছে। তিনি আরও বলেছেন, তাঁর কোনও সন্দেহ নেই যে এই দেশগুলির নেতাদের সঙ্গে রাশিয়ার একটা বিশ্বস্ত সম্পর্ক রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, তিনি ইউক্রেনের সঙ্গে আলোচনা করতে কখনই অস্বীকার করেননি। তবে তিনি বলেছেন, রাশিয়ার বাহিনী কুরস্ক থেকে ইউক্রেনের সেনাদের তাড়াতে শুরু করেছে।

পুতিনের এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ভারতের প্রধানমন্ক্রী নরেন্দ্র মোদী সম্প্রতি প্রথমে রাশিয়া ও পরে ইউক্রেন সফর করেন। প্রধানমন্ত্রী মোদীর এই দুই দেশ সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশ্বস্তরে আলোচনার বিষয়বস্তু।
জুলাই মাসে প্রধানমন্ত্রী মোদী রাশিয়া সফরে গিয়েছিলেন। সেই সময় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবিগুলি ছিল আলোচনার বিষয়বস্তু। ভারতের প্রধানমন্ত্রী মোদী সেই সময় রাশিয়ার প্রেসিডেন্টকে বলেছিলেন, যুদ্ধক্ষেত্র থেকে শান্তির পথ আসে না।
রাশিয়ার প্রেসিডেন্ট সেই সময় ভারতের প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টেল দিয়েও সম্মানিত করেন। এব্যাপারে সেই সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন।
এরপর গত ২৩ অগাস্ট ইউক্রেন সফরে যান প্রধানমন্ত্রী মোদী। পোল্যান্ড থেকে কিয়েভে যান তিনি। প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ইউক্রেনের জাতীয় জাদুঘরে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। বৈঠকের অনেক ছবিতেই দুই দেশের রাষ্ট্রপ্রধানকে আবেগাপ্লুত হতে দেখা গিয়েছে। এই সময়ও প্রধানমন্ত্রী মোদী বলেন, ইউক্রেনের উচিত সময় নষ্ট না করে শান্তির কথা বলা। তিনি আরও বলেন, সংলাপ ও কূটনীতির মাধ্যমেই সমাধানের পথ আসে।
প্রসঙ্গত বলে রাখা ভাল, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে ভারত ক্রমাগত শান্তির আবেদন করে আসছে। ইউক্রেন সফরের সময় প্রধানমন্ত্রী মোদী জেলেনস্কিকে প্রস্তাব দিয়েছিলেন, ভারত শান্তির প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা নিতে প্রস্তুত।












Click it and Unblock the Notifications