Volodymyr Zelenskyy: ট্রাম্প টাইট দিতেই অন্য সুর জেলেনস্কির গলায়, শান্তি ফেরাতে আমেরিকার নেতৃত্বে আলোচনায় রাজি
মার্কিন আর্থিক সাহায্য বন্ধ হতেই কি কিছুটা সুর নরম করলেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি? কারণ, হোয়াইট হাউসে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত আলোচনার পরে পারদ ক্রমশ চড়ছিলই। তবে এদিন মঙ্গলবার ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কি সমস্ত বিবাদ ভুলে ফের একবার শান্তির পক্ষে সওয়াল করলেন।
নিজের এক্স হ্যান্ডেলে জেলেনস্কি লিখেছেন, আমি ফের একবার শান্তির প্রতি ইউক্রেনের দায়বদ্ধতার কথা উল্লেখ করতে চাই। আমরা কেউ অনন্ত সময় ধরে যুদ্ধ চাই না। আলোচনা টেবিলে বসতে ইউক্রেন রাজি রয়েছে। ইউক্রেনের জনগণের থেকে বেশি শান্তি আর কেউ চায় না। আমরা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে শান্তি ফেরত আনার কাজ করতে চাই।

হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বিবাদ নিয়ে জেলেনস্কি বলেছেন, গত শুক্রবার হোয়াইট হাউসে আমাদের মধ্যে যে বৈঠক হয়েছিল তা আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে সম্পন্ন হয়নি। গোটা ঘটনাকেই দুঃখজনক বলে ব্যাখ্যা করেছেন জেলেনস্কি। তাঁর কথায়, এখন সময় সঠিক পদক্ষেপ করার। আমরা ভবিষ্যতে গঠনমূলক আলোচনা এবং সাহায্য চাইছি।
শান্তির পক্ষে সওয়াল করলেও তাঁর বক্তব্যে কিছু শর্তের কথা উল্লেখ করেছেন জেলেনস্কি। তিনি বলেছেন, আমরা রাজি যত তাড়াতাড়ি যুদ্ধ শেষ করা যায়। তবে প্রথম পদক্ষেপ হিসেবে বন্দিদের মুক্তি দিতে হবে এবং আকাশপথে ক্ষেপণাস্ত্র, ড্রোন, বোমা হামলা যাতে না চালানো হয় সেই সন্ধি করতে হবে। একই সঙ্গে জলপথেও সন্ধির কথা উল্লেখ করেছেন ইউক্রেনের রাষ্ট্রপতি। যদি রাশিয়া হামলা বন্ধ করে তাহলে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে চূড়ান্ত সন্ধি করতে পারি, এমনটাই শর্ত দিয়েছেন জেলেনস্কি।
হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেনের রাষ্ট্রপতির সঙ্গে উত্তপ্ত বাদানুবাদের পর জেলেনস্কি যাতে দ্রুত রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বসতে রাজি হন, সেজন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে সমস্ত সামরিক অর্থ সাহায্য বন্ধ করার নির্দেশ দেন। তারপরই ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি শান্তি আলোচনা নিয়ে মুখ খুলেছেন।












Click it and Unblock the Notifications