Ukraine Russia War: ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার প্রস্তাবে রাজি রাশিয়া, দীর্ঘ সংঘাতে ইতি?
Ukraine Russia War: আমেরিকার হুঁশিয়ারির পর অবশেষে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে সায় রাশিয়ার। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়ে দিলেন, যুদ্ধবিরতি নিয়ে আমেরিকা যে প্রস্তাব দিয়েছিল, তাতে সম্মত রাশিয়াও। ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে রাশিয়া। তবে এনিয়ে চূড়ান্ত আলোচনা ও পারস্পারিক সমঝোতার প্রয়োজন রয়েছে বলেও জানিয়ে দিলেন পুতিন।
বৃহস্পতিবার মস্কোয় এক সাংবাদিক বৈঠকে পুতিন জানান, "আমেরিকার প্রস্তাব সঠিক, আমরা একে সমর্থনও করি। কিন্তু আলোচনার মাধ্যমে কিছু কিছু সমস্যার নিরসন হওয়া দরকার। আমেরিকার বন্ধুদের সঙ্গে এনিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে।" ইউক্রেন ও রাশিয়ার মধ্যে এনিয়ে যাতে নতুন করে কোনওপ্রকার বিরোধ না আসে তা নিশ্চিত করারও দাবি তুললেন পুতিন। সংঘাতের শিকড়ে গিয়ে তা সমাধানের কথা বলেন পুতিন।

যুদ্ধবিরতি থেকে আস্তে আস্তে দীর্ঘস্থায়ী শান্তির পথে হাঁটার বার্তা দিয়েছেন পুতিন। ন্যূনতম ৩০ দিনের জন্য যুদ্ধবিরতির পথে হাঁটলে ইউক্রেনের পক্ষেই তা ভালো বলে উল্লেখ করেন পুতিন। ইউক্রেনের সঙ্গে সংঘাত দূর করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকেও সাধুবাদ জানান রাশিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেন, "ইউক্রেনের সঙ্গে সমঝোতায় এতটা মনোযোগ দেওয়ার জন্যে ডোনাল্ড ট্রাম্পকেও ধন্যবাদ।"
যুদ্ধ ও হতাহতে ইতি টানতে চিন, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার পরোক্ষ ভূমিকারও প্রশংসা করেন পুতিন। তবে এই শান্তি প্রতিষ্ঠার মাঝে পশ্চিমী হস্তক্ষেপ তিনি চান না বলেই জানিয়ে দেন পুতিন। ন্যাটোর কোনওভাবে নাক গলানো তিনি রেয়াত করবেন না বলেও নরম সুরেই হুঁশিয়ারি দিতে দেখা যায় পুতিনকে। তবে যুদ্ধবিরতি বাস্তবায়ন হলে তা প্রকৃতপক্ষেই দীর্ঘ ৩ বছর ধরে চলা যুদ্ধে ইতি টানার প্রক্রিয়ায় বড় সাফল্য হবে। যদিও ৩০ দিনের যুদ্ধবিরতির দীর্ঘমেয়াদী প্রভাব নিয়েও সন্দিহান আন্তর্জাতিক মহল।
সৌদি আরবের জেড্ডায় ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ নিয়ে আমেরিকার সঙ্গে বৈঠকে বসেছে ইউক্রেনের প্রতিনিধিরা। আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার রাশিয়াও জানিয়ে দিল তারা যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার প্রস্তাবে রাজি। তবে বেশকিছু প্রশ্নের জায়গা রয়েছে তাদের। এখন সেসবের সমাধানের পর যুদ্ধে পাকাপাকি ইতি টানা যায় কি না, তাইই দেখার।












Click it and Unblock the Notifications